নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে রোগীর। এই অভিযোগ তুলে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হেনস্তা ও নিগ্রহ করার অভিযোগ উঠল মৃতের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ হতেই দু’জনকে গ্রেপ্তার করেছে ডায়মন্ডহারবার থানার পুলিস। দিন কয়েক আগে তলপেটে টিউমার নিয়ে ভর্তি হয়েছিলেন রোহিনী তারুণ্যম (১৯) নামে এক তরুণী। তিনি কুলপির বাসিন্দা। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। এরপরই মৃতের পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নিগ্রহ করে বলে অভিযোগ। ওয়ার্ডের মধ্যেই এই ঘটনায় বাকি রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিসকে খবর দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় ডায়মন্ডহারবার থানার আইসি, মহকুমা পুলিস আধিকারিক সহ বিশাল পুলিস বাহিনী।



