নয়াদিল্লি: কিংবদন্তি ধ্যানচাঁদের পুত্র, প্রাক্তন হকি খেলোয়াড় অশোক কুমার হৃদরোগে আক্রান্ত। রবিবার রাজধানীর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৪ বছর বয়সিকে। সেখানে অ্যাঞ্জিওগ্রাফির পর তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়ে। ডাক্তাররা তাই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেন। সোমবারই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা। এই মুহূর্তে অবশ্য তিনি বিপন্মুক্ত। ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় হকি দলের সদস্য ছিলেন অশোক কুমার। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক গোল তাঁরই। ১৯৭২ মিউনিখ ওলিম্পিকসে ব্রোঞ্জজয়ী দলেও ছিলেন। ১৯৭৪ সালে অর্জুন পুরস্কার পান তিনি। চলতি বছরের গোড়ায় মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হন অশোক কুমার।



