সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের সাদলিচক অঞ্চলের এক গ্রামে নাবালিকার বিয়ে বন্ধ করল পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। বয়স ১৪ বছর। নাবালিকার পরিবার তার অমতে ৩৫ বছর বয়সি স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে দিচ্ছিল বলে অভিযোগ। খবর পেয়ে কুমেদপুর ফাঁড়ির পুলিস ও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সিডিপিও অলক মণ্ডল ওই নাবালিকার বাড়িতে পৌঁছে বিয়ে বন্ধ করে দেন। ওই নাবালিকার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে প্রশাসনকে মুচলেকা দেয় নাবালিকার পরিবার। ছেলেপক্ষ এই ঘটনার কথা জানার পরেই গায়েব হয়ে যায়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ওই নাবালিকার অমতে বিয়ে দেওয়া হচ্ছিল। পুলিস বিয়ে বন্ধ করেছে।



