Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিরামপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিস, ধৃত তিন

হরিরামপুরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিস, ধৃত তিন
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার খারুয়া এলাকায় ডাকাতির ছক ভেস্তে দিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়। তৃতীয় জনের বাড়ি হরিরামপুর থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস রবিবার মধ্যরাতে খারুয়া এলাকায় অভিযান চালায়। ৮-১০ জনের একটি দুষ্কৃতী দল জমায়েত হয়েছিল। পুলিসকে দেখেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের পিছু ধাওয়া করে পুলিস তিন জনকে ধরতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে রামদা, লোহার রড, চাকু ও মোটা নাইলনের দড়ি, ১০ প্যাকেট লঙ্কার গুঁড়ো উদ্ধার হয়েছে। 
Advertisement
প্রায়ই এলাকায় চুরি হচ্ছে। এই অভিযোগ পেয়ে তৎপর হয় হরিরামপুর থানার পুলিস। তাদের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীদের বড় ধরনের  অপ্রীতিকর ঘটনা সংগঠিত করার পরিকল্পনা ছিল। সোমবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের চার দিনের পুলিস  হেপাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি দুষ্কৃতীদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে। কোন কোন এলাকায় ডাকাতি ও চুরির প্ল্যান ছিল সেই তথ্য জানার চেষ্টা চলছে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে হরিরামপুর থানার পুলিস। 
হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার বলেন, রবিবার মধ্যরাতে হরিরামপুর থানার খারুয়া এলাকায় অভিযান চলে। ডাকাতির ছক করেছিল কিছু বহিরাগত দুষ্কৃতী। আমরা তিনজনকে গ্রেপ্তার করতে পেরেছি, বাকিরা পলাতক। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে কোন এলাকায় ডাকাতি সংগঠিত করার পরিকল্পনা ছিল, সেবিষয়ে জানার চেষ্টা চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ