বলিউডে ডেবিউ করছেন অজয় দেবগণের ভাগ্নে আমন দেবগণ। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার ‘আজাদ’ ছবির হাত ধরে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ করবেন তিনি। এই আবহে খবর, আরও একটি ছবি করতে চলেছেন আমন। বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় ঘরানা হরর কমেডি। শোনা যাচ্ছে, আমনও এই ঘরানার একটি ছবিতে অভিনয় করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। ছবির নাম ‘ঝলক’। থ্রিল ও কমেডি— ছবিতে এই দুই উপাদানই থাকবে। ছবির গল্প একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এগবে। পরিচালনা করবেন উমাং ব্যাস। ‘মুঞ্জ্য’ খ্যাত লেখক তুষার আজগাওনকার ছবির সঙ্গে যুক্ত হয়েছেন। দেবগণ ফিল্মস ও প্যানোরমা স্টুডিওজের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘শয়তান’ ছবিটি প্রযোজনার দায়িত্বে ছিল এই দুই সংস্থা। বর্তমানে প্রি প্রোডাকশন কাজ চলছে। শীঘ্রই এর শ্যুটিং শুরু হবে বলে খবর। হরর কমেডি ঘরানায় আমন নজর কাড়তে পারেন কি না, সে দিকে নজর থাকবে ইন্ডাস্ট্রির।



