রাজকোট: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টানা তিন ম্যাচে জিতেছিল বাংলা। সেই জয়ের ধারা থেমে গেল শুক্রবার। দু’ বল বাকি থাকতে ছয় উইকেটে হারাল মধ্যপ্রদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ তোলে বাংলা। করণ লাল (৪৪), শাহবাজ আহমেদ (৩৭), হাবিব গান্ধী (৩১), অধিনায়ক সুদীপ ঘরামি (২৯), অভিষেক পোড়েল (২৫) রান পান। শিবম শুক্লা চার উইকেট নেন ২৯ রানে। তিনিই ম্যাচের সেরা। ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছয় মধ্যপ্রদেশ (১৯০-৪)। অধিনায়ক রজত পাতিদার (৬৮), শুভ্রাংশু সেনাপতি (৫০) রান পান। বেঙ্কটেশ আয়ার অপরাজিত থাকেন ১২ রানে। মহম্মদ সামি চার ওভারে দেন ৩৮ রান। কোনও উইকেট পাননি। কনিষ্ক শেঠ ও সায়ন ঘোষ দু’টি করে উইকেট নেন। ৪ ম্যাচে বাংলার পয়েন্ট এখন ১২।



