Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাড়োয়ার তৃণমূল বিধায়কের নামে আর্থিক বেনিয়মের পোস্টার, চাঞ্চল্য

হাড়োয়ার তৃণমূল বিধায়কের নামে আর্থিক বেনিয়মের পোস্টার, চাঞ্চল্য
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রতি বছর কার্যত নিয়ম করে মেছোভেরি তৈরির জন্য মাটি কাটা নিয়ে বিতর্ক তৈরি হয়। সরকারি নিয়ম না মেনে মাটি তুলে রাতারাতি পাচারের অভিযোগ তোলে বিরোধীরা। এবার সরাসরি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বেআইনিভাবে মাটি কেটে পাচারের অভিযোগ উঠল। আর তা নিয়ে পোস্টারও পড়ল হাড়োয়া, গোপালপুর সহ বিভিন্ন জায়গায়। পোস্টারের নীচে তৃণমূল কংগ্রেস বলে উল্লেখ করা রয়েছে। এই পোস্টার নজরে আসতেই বিধায়ক-ঘনিষ্ঠরা তা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ।
Advertisement
জানা গিয়েছে, হাড়োয়া, দেগঙ্গা, শাসন, মিনাখাঁ সহ বিস্তীর্ণ এলাকায় মাছের ভেরি রয়েছে। বাম আমল থেকে এই ধারা অব্যাহত। জমির মাটি কেটে তা পাচার করতে গেলে বেশ কিছু সরকারি নিয়ম রয়েছে। সরকারকে রাজস্ব দিতে হয়। কিন্তু এই নিয়ম কতটা কার্যকর হয় উত্তর ২৪ পরগনা জেলায়, তা নিয়ে সংশয় রয়েছে। এবার সরাসরি হাড়োয়ার নব নির্বাচিত তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে ভেরির টাকা আত্মসাতের অভিযোগ উঠল। হাড়োয়ার বিভিন্ন এলাকায় এ নিয়ে পোস্টারও পড়ে রবিবার। তাতে লেখা, হাড়োয়া এলাকায় মেছোভেরির মাটি কেটে পাচার করা হচ্ছে। তাতে মদত দিচ্ছেন তৃণমূল বিধায়ক। পাশাপাশি দলীয় পদ পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তুলছেন তিনি। এই অভিযোগ তোলা হয়েছে পোস্টারে। পোস্টারের নীচে লেখা তৃণমূল কংগ্রেস। এ নিয়ে বিধায়ক রবিউলকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি উত্তর দেননি।
এই ঘটনায় ফের হাড়োয়া বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ সরকার বলেন, ‘তৃণমূল দল টাকা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে। তাই বেশি কথা না বলাই ভালো।’
Advertisement
সম্পর্কিত সংবাদ