সংবাদদাতা, উলুবেড়িয়া: পাড়ায় সমাধান থেকে পাওয়া আবেদনের ভিত্তিতে বিভিন্ন এলাকার ছোট ছোট রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও একাধিক বড় রাস্তার সংস্কার এখনও হয়নি। ফলে মানুষের যাতায়াতের সমস্যাও মেটেনি। এই অবস্থায় হাওড়া সদর মহকুমা এবং গ্রামীণ এলাকার ৪২টি বড় রাস্তা মেরামতের উদ্যোগ নিল হাওড়া জেলা পরিষদ। সূত্রের খবর, রাস্তাগুলি মেরামতিতে ব্যয় হবে প্রায় সাড়ে চার কোটি টাকা। পঞ্চদশ অর্থ তহবিলের টাকায় রাস্তাগুলিতে কাজ করা হবে। এক একটি রাস্তা মেরামতির জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
জেলা পরিষদের পূর্তদপ্তরের কর্মাধ্যক্ষ তাপস মাইতি জানান, জেলা পরিষদের প্রত্যেক সদস্যকে একটি করে বড় রাস্তা সংস্কারের প্রস্তাব দিতে বলা হয়েছিল। সেইমতো প্রস্তাব জমা পড়েছে। রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্র কাজ শুরু হবে। জেলা পরিষদের কর্তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অনেক রাস্তাই সারাই করা হয়নি। ফলে যাতায়াতের ক্ষেত্রে মানুষ সমস্যায় পড়ছেন। এছাড়া পাড়ায় সমাধান প্রকল্পে গ্রামীণ ছোট ছোট রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখনোও অনেক বড় রাস্তার মেরামত করা হয়নি। তাই হাওড়া জেলা পরিষদ সাধ্যমতো সেই রাস্তাগুলি সংস্কারের উদ্যোগ নিচ্ছে।