নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শতবর্ষে যাত্রীবান্ধব একগুচ্ছ বকেয়া রেল প্রকল্প চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে হাওড়া ডিভিশন। চলতি বছর ১০০ বছরে পা দিল দেশের অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী হাওড়া রেল স্টেশন। ১৯২৫ সালের ১ জানুয়ারি এই স্টেশন চালু হয়েছিল। শতবর্ষ উদযাপনে বিবিধ চালু প্রকল্প শেষ করার শপথ নিয়েছেন হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সঞ্জীব কুমার।
বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, আগামী দু’মাসের মধ্যে রেল মিউজিয়ামের পাশে গড়ে ওঠা নয়া ডিআরএম বিল্ডিংয়ে ডিভিশন স্থানান্তরিত হবে। পাশাপাশি চাঁদমারি ব্রিজ, বামনগাছি ব্রিজের কাজ কয়েকমাসের মধ্যেই শেষ করা হবে। যতদিন যাচ্ছে, ততই বাড়ছে যাত্রী সংখ্যা। ফলে হাওড়ায় ২৩টি প্ল্যাটফর্ম থাকলেও তা অপ্রতুল হয়ে পড়ছে। তাই নতুন করে ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির কাজে হাত দেওয়া হয়েছে। ডিআরএমের কথায়, খুব শীঘ্রই এই নতুন প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। ১০০ বছরকে সামনে রেখে রাজধানী এক্সপ্রেসের একটি ইঞ্জিন ও লোকাল ট্রেনের একটি কামরা বিশেষভাবে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও ডাক বিভাগের সঙ্গে গাঁটছড়া বেঁধে হাওড়া স্টেশন সংক্রান্ত বিশেষ স্মারক ও স্ট্যাম্প প্রকাশ করা হবে। এদিন ডিআরএম হাওড়া স্টেশনের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ লোগো উন্মোচন করেন। এছাড়াও আগামী দু’-তিন বছরে কী কী কাজ হাতে নেওয়া হবে, তার বিশদ
ব্যাখ্যা দেন তিনি।