নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার সকালে হাওড়ার রামেশ্বর মালিয়া লেনের একটি আবাসনের পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম দেবকীনন্দন সান্থালিয়া (৭৬)। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হাওড়া থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন বাসিন্দা আবাসনের নীচে একটি চায়ের দোকানে বসেছিলেন। আচমকা ভারী কিছু নীচে পড়ার শব্দ শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ রাস্তায় পড়ে রয়েছেন। তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের দাবি, সবার নজর এড়িয়ে তিনি কীভাবে ছাদে উঠে গেলেন, তা কেউ টের পাননি। ওই সময় ছাদেও কেউ ছিল না। হাওড়া সিটি পুলিসের এক আধিকারিক বলেন, ‘বৃদ্ধের ছেলে ও বউমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’



