Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কীভাবে বিধায়ক হবেন, হোটেলের ঘরে বৈঠকে বসতেই পুলিসের জালে নাজমুল

আগামী বিধানসভা ভোটে টিকিট মিলবে মোটা টাকার বদলে। শাসকদলেরই এক নেতাকে এই প্রলোভন দেখায় নাজমুল শেখ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে ওই নেতাকে পরিচয় দেয় সে।

কীভাবে বিধায়ক হবেন, হোটেলের ঘরে বৈঠকে বসতেই পুলিসের জালে নাজমুল
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বিধানসভা ভোটে টিকিট মিলবে মোটা টাকার বদলে। শাসকদলেরই এক নেতাকে এই প্রলোভন দেখায় নাজমুল শেখ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে ওই নেতাকে পরিচয় দেয় সে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে সাদা পোশাকে হানা দেয় শেক্সপিয়ার সরণি থানা। রীতিমতো ফাঁদ পেতে অভিযুক্তকে জালে তোলে পুলিস। 

Advertisement

পুলিস সূত্রে খবর, সম্প্রতি শাসক দলের এক নেতাকে ফোন করে নাজমুল। নিজেকে অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচয় দেয় সে। ওই নেতাকে বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করানোর প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। টাকা দেওয়ার পর সন্দেহ হয় সেই নেতার। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে সরাসরি অভিযোগ জানান প্রতারিত। তদন্তে নেমে শাসকদলের ওই নেতাকে নাজমুলের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয় থানা। সেই কথাবার্তা ট্র্যাক করতে থাকেন তদন্তকারীরা। বিধায়ক পদ পাওয়ার জন্য আর কী কী করতে হবে, সেই আলাপ আলোচনার জন্যই পার্ক স্ট্রিটের হোটেলে নাজমুলকে ডেকে পাঠান ওই নেতা। দু’পক্ষ আলোচনায় বসার সঙ্গে সঙ্গেই সাদা পোশাকে হোটেলের ঘরে ঢুকে পড়ে শেক্সপিয়ার সরণি থানার অফিসাররা। হোটেল থেকেই রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত যুবককে।
উল্লেখ্য, শনিবার আদালতে পেশ করা হয় নাজমুলকে। সরকারি পক্ষের আইনজীবী বলেন, অভিযুক্ত আর কারও থেকে টাকা নিয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। শুধু তাই নয়, কোনও বড় চক্রের সঙ্গে নাজমুল যুক্ত কি না, তাও তদন্তকারীদের নজরে। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য ধৃতকে হেফাজতে চাওয়া হয় সরকারি আইনজীবীর তরফে। অভিযুক্তের পক্ষের আইনজীবী বলেন, মক্কেলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক অভিযুক্তকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।   

Advertisement
সম্পর্কিত সংবাদ