শহরের কতটা বর্জ্য জল শোধন করছে পূর্ব কলকাতা জলাভূমি?
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্ক দে, কলকাতা: শহরে কতটা পরিমাণ নিকাশির জল শোধন করা যায়, কতটা জল পূর্ব কলকাতা জলাভূমিতে গিয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবে শোধিত হয়, তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরির কাজে হাত দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতার নিকাশির কতটা জল পূর্ব কলকাতা জলাভূমিতে গিয়ে পড়ছে, মূলত তার হিসাব কষতে দায়িত্ব দেওয়া হয়েছে খড়্গপুর আইআইটি-কে। বেশ কয়েক মাস ধরে সেই সমীক্ষার কাজ চলছে বলে পুরসভার নিকাশি বিভাগ সূত্রে খবর। 

Advertisement

পুরসভা জানাচ্ছে, শহরে রোজ ১৪০০ মিলিয়ন লিটার নিকাশির জল উৎপন্ন হয়। তার মধ্যে ৯১০ মিলিয়ন লিটার নিকাশির জল যায় পূর্ব কলকাতা জলাভূমিতে। অর্থাৎ উৎপন্ন তরল বর্জ্যের প্রায় ৬৫ শতাংশই প্রাকৃতিক উপায়ে পরিশোধিত হয় পূর্ব কলকাতা জলাভূমিতে। এই নোংরা জল কাজে লাগিয়েই এই জলাভূমির বিস্তীর্ণ অংশে মাচ ও সবজি চাষ করা হয়। পুরসভার নিকাশি বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, মোটামুটি এই হিসাব পুরসভার কাছে রয়েছে। তবে এই তথ্য বহু যুগের পুরানো। বর্তমানে বিভিন্ন পাম্পিং স্টেশন থেকে কতটা জল পূর্ব কলকাতা জলাভূমিতে পড়ে বা কোন কোন পাম্পিং স্টেশন কতটা তরল বর্জ্য ফেলে, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রয়োজন। 
মূলত, ধাপা, চিংড়িঘাটা, পামারবাজার, বেলেঘাটা, বালিগঞ্জসহ ই এম বাইপাস সংলগ্ন বিভিন্ন পাম্পিং স্টেশনের নোংরা জল পূর্ব কলকাতা জলাভূমিতে গিয়ে পড়ে। কোন দিক থেকে কতটা জল সেখানে আসছে, তার হিসাব পেতে পাঁচটি পয়েন্টে নজরদারি চালানো হচ্ছে। সেখানে মিটার বসানো হয়েছে। স্কেল-সেন্সর লাগানো হয়েছে, যাতে সঠিক হিসাব পাওয়া যায়। খড়্গপুর আইআইটি রিপোর্ট তৈরি করে পুরসভাকে দেবে। 
জানা গিয়েছে, বর্তমানে পুরসভার পাঁচটি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে দিনে প্রায় ১৩% অর্থাৎ ১৭৯ মিলিয়ন লিটার জল পরিশোধন করা হয়। বাকি নিকাশির জল (প্রায় ২২% বা ৩১১ মিলিয়ন লিটার) কোনোরকম শোধন প্রক্রিয়া ছাড়াই বা আংশিক শোধিত অবস্থায় সরাসরি গঙ্গা ও বিভিন্ন নদীনালায় গিয়ে পড়ে। এক পুরকর্তা বলেন, ‘পরিবেশ বিজ্ঞানীদের সমীক্ষা অনুযায়ী এর মধ্যে দৈনিক প্রায় ৩৮০ মিলিয়ন লিটার তরল বর্জ্য আদি গঙ্গা বা টালি নালার মাধ্যমে পরিবাহিত হয়। কিন্তু সরকারিভাবে নির্দিষ্ট তথ্য প্রয়োজন। তাই গবেষকদের দিয়ে বিজ্ঞানসম্মতভাবে এই সমীক্ষা করানো হচ্ছে। এই রিপোর্ট হাতে পাওয়া গেলে আর কতগুলি সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট দরকার আছে, তা স্পষ্ট হবে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।