Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোন গাড়ি কতক্ষণ দাঁড়িয়ে? রাস্তা ও পার্কিং প্লেসে কড়া নজরদারির নির্দেশ

সোমবার ভরসন্ধ্যায় লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।

কোন গাড়ি কতক্ষণ দাঁড়িয়ে? রাস্তা ও পার্কিং প্লেসে কড়া নজরদারির নির্দেশ
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ভরসন্ধ্যায় লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। তদন্তে এনআইএ জেনেছে, বিস্ফোরণে জড়িত রহস্যময় গাড়িটি ৩ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়েছিল স্থানীয় একটি পার্কিং লটে। এই আবহে কলকাতার সব থানার ওসিদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার মনোজকুমার ভার্মা। সেখানে তাঁর সাফ নির্দেশ, পার্কিং লটগুলিতে নজরদারি বাড়াতে হবে। কোনও গাড়ি দীর্ঘক্ষণ নির্দিষ্ট কোনও পার্কিংয়ে দাঁড়িয়ে থাকলেই সেটির ঠিকুজি-কোষ্ঠি বের করে যাচাই করতে হবে পুলিশকে। তাছাড়া, শহরের সব শপিং মল ও সিনেমা হলের বেসমেন্টে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন স্থানীয় থানার অফিসাররা।

Advertisement

সোমবার বিকেলে, ঘটনার পরপরই কলকাতায় ‘হাই অ্যালার্ট’ জারি হয়। তখন থেকেই শহরের সমস্ত প্রশাসনিক ভবন ও দ্রষ্টব্য স্থানগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। শহরের সবক’টি এন্ট্রি ও এগজিট পয়েন্টে শুরু হয় নাকা চেকিং। রাতের মধ্যেই কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় কলকাতাকে। 
দিল্লি বিস্ফোরণের তদন্তের গতিপ্রকৃতি লক্ষ্য করে মঙ্গলবার দুপুরে লালবাজার থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন সিপি। সেই ভার্চুয়াল বৈঠকে হাজির ছিলেন শহরের সব ডিভিশনের ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও থানার ওসিরা। সূত্রের খবর, সিপি জানিয়েছেন, থানা ও ট্রাফিক গার্ডের সব অফিসারকে গ্রাউন্ড ওয়ার্কে জোর দিতে হবে। সন্দেহজনক কোনও গাড়ি দেখলেই সেটি থামিয়ে চালক ও মালিকের পরিচয়পত্র যাচাই করতে হবে। শুধু তাই নয়, গাড়ির ডিকি খুলে তল্লাশি চালাবেন উর্দিধারীরা। সেই সঙ্গে শহরের পার্কিং লটগুলির সামনে অন্তত একজন করে পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গাড়ি দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে ওই পুলিশকর্মী খবর দেবেন স্থানীয় ট্রাফিক গার্ডের অফিসারকে। গাড়ির নম্বরপ্লেট দেখে মালিকের তথ্য যাচাই করবেন সংশ্লিষ্ট সার্জেন্ট। শপিং মল ও সিনেমা হলের বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে প্রবেশপথেই নিরাপত্তারক্ষীরা নজরদারি চালাবেন। বড় শপিং মল ও হোটেলের প্রবেশপথে এক্স-রে মেশিন ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি অভিযান চালাতে হবে। সিনেমা হলের ক্ষেত্রে কোনও গাড়ি ৪ ঘণ্টার বেশি পার্কিং লটে দাঁড়িয়ে থাকলে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ