নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভাটপাড়ায় এক পরিচারিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। রবিবার ওই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। ভাটপাড়ার বাসিন্দা বিজলি সরকারের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন বসিরহাটের বাসিন্দা সান্ত্বনা মণ্ডল (৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়ির শৌচালয় থেকে সান্ত্বনাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে তাঁর পরিবারের লোকজন এসে বিজলীদেবীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মৃতার পরিবারের দাবি, সান্ত্বনাকে খুন করা হয়েছে।
সেই ভাঙচুরের ঘটনা নিয়ে রবিবার ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজলীদেবী। তাঁর দাবি, বছর দুয়েক ধরে সান্ত্বনার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়েছিল স্থানীয় এক সাফাইকর্মীর। রমেশ নামে ওই ব্যক্তি বেশ কয়েকবার গভীর রাতে তাঁদের বাড়িতেও ঢুকেছেন। ইদানীং সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে সেটা জানতে পারি। তাঁর ঘর থেকে টাকাপয়সা চুরিও হয়েছিল। তবে কী কারণে সান্ত্বনা আত্মঘাতী, তা বলতে পারব না। অপরদিকে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে এটি আত্মহত্যা, নাকি খুন, তা স্পষ্ট হবে।