লখনউ, ২৬ অক্টোবর: আহত ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাবা ও তাঁর ২ বন্ধু। কিন্তু তাঁদের আর বাড়ি ফেরা হল না। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়। আর সেখানেই ডুবে মৃত্যু হয় আহত ছেলেটির বাবা সহ আরও ২ জনের। মৃতদের নাম রাকেশ চৌরাসিয়া (৫০) এবং সতীশ (৪০)। তাঁরা দু’জনই সিদ্ধৌলির বাসিন্দা। অপর মৃত ব্যক্তি রামেন্দ্র (৬২) আতারিয়ার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরের পঞ্চপীর গ্রামে। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চপীর গ্রামের বাসিন্দারা পুকুরে কিছু একটা ডুবে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করে। দেখা যায় গাড়িটির মধ্যে ৩ জনের মৃতদেহ পড়ে আছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তিনজনেরই জলে ডুবে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাকেশ ও তাঁর ২ বন্ধু বাহরাইচে আহত ছেলের সঙ্গে দেখা করতে যান। তারপর থেকেই তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পুলিশে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ও পরিবারের সদস্যরা মিলে তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেন। অবশেষে পঞ্চপীর গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দেন একটি গাড়ি পুকুরে ডুবে গেছে। তারপর পুলিশ গাড়িটিকে উদ্ধার করে এই ৩ জনের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।



