জয়পুর, ২৭ অক্টোবর: চাকরির সুযোগের খোঁজে মোবাইলে আসা একটি মেসেজে ক্লিক করেছিলেন তিনি। কিন্তু সেই লিঙ্কে ক্লিক করাই যে বড়সড় আর্থিক প্রতারণার ফাঁদে পা দেওয়া, তা বুঝতে পারেননি এক ব্যাংকের আধিকারিক। মুহূর্তের মধ্যেই তাঁর ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে যায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। রাজস্থানের আলওয়ার শহরে ভুয়ো চাকরির প্রলোভন দেখিয়ে সাইবার প্রতারণার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম রাহুল আগরওয়াল। তিনি একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত। অভিযোগ, সম্প্রতি তাঁর মোবাইলে চাকরির সংক্রান্ত একটি ম্যাসেজ আসে। সেই মেসেজের সঙ্গে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাকরি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন তিনি। এরপরই তাঁর ক্রেডিট কার্ড থেকে প্রায় ১.২৫ লক্ষ টাকা কেটে নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় বিষয়টি বুঝতে পারেন রাহুল। নিজের ক্রেডিট কার্ড থেকে বিপুল পরিমাণ টাকা উধাও হয়ে যাওয়ার বিষয়টি জানার পর তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার আলওয়ারের কোতোয়ালি থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই লিঙ্কের মাধ্যমে প্রতারণা করা হল কী পদ্ধতিতে ক্রেডিট কার্ড থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অনলাইন সাইবার প্রতারণার অভিযোগও নথিভুক্ত করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন, সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



