Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ার শোভারানি কলেজে পিঠেপুলি উৎসবে বিপুল সাড়া

হাওড়ার শোভারানি কলেজে পিঠেপুলি উৎসবে বিপুল সাড়া
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পড়ুয়াদের শেখানো হল বাঙালি পার্বণের রীতি। সঙ্গে স্বনির্ভরতার পাঠ। মঙ্গলবার জগৎবল্লভপুরের শোভারানি কলেজে আয়োজন করা হয়েছিল পিঠেপুলি উৎসবের। বাড়ি থেকে বিভিন্ন রকমের পিঠে বানিয়ে কলেজে পসরা সাজিয়ে বসেছিলেন পড়ুয়ারা। খাবারের স্বাদ, গুণগত মান, স্বাস্থ্যবিধি মেনে পরিবেশন সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে সেরাদের পুরস্কৃত করলেন বিচারকরা।
Advertisement
এদিন কলেজের প্রায় ২৫ জন পড়ুয়া বাড়ি থেকে বিভিন্ন ধরনের পিঠে-পুলি তৈরি করে এনেছিলেন। ছিল পাটিসাপটা, মালপোয়া, ক্ষীরপুলি, দুধপুলি সহ বিভিন্ন ধরনের পিঠে। কলেজের একটি কক্ষে সেগুলি বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। অংশ নিয়েছিল আশপাশের বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারাও। বেলা ১২টায় পিঠেপুলি উৎসব শুরু হতেই ঘণ্টা দুয়েকের মধ্যে সম্ভার প্রায় ফাঁকা হয়ে যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘বাড়িতে পিঠেপুলি তৈরি করার রেওয়াজ হারিয়ে যাচ্ছে। এসব এখন মিষ্টির দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু পড়ুয়াদের বাঙালি রীতিনীতি শেখার প্রয়োজনীয়তা রয়েছে।’ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী বলেন‘ «অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি। ভবিষ্যতে ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চাই। এদিনের পিঠেপুলি উৎসব সেটাই হাতে-কলমে শেখাল।’
Advertisement
সম্পর্কিত সংবাদ