ভিবি জি রাম জি প্রকল্পে কর্মদিবস তৈরিতে রাজ্যে প্রথম স্থানে হুগলি
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘ভিবি জি রাম জি’ অর্থাৎ ‘১২৫ দিনের কাজ’ প্রকল্পে রাজ্যে কর্মদিবস তৈরির নিরিখে প্রথম স্থান পেল হুগলি জেলা। নভেম্বরের মধ্যে ৩.৮১ কোটি কর্মদিবস তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যে তার ৪৬ শতাংশ কর্মদিবস তৈরি হয়েছে, যা রাজ্যের মধ্যে প্রথম। লক্ষ্যমাত্রার ৩৫ শতাংশ অর্জন করে দ্বিতীয় স্থান পেয়েছে বাঁকুড়া জেলা।  ৩২ শতাংশ নিয়ে তৃতীয় স্থানে আছে পূর্ব বর্ধমান। ওই তালিকায় সর্বশেষ স্থান মালদহের। সেখানে লক্ষ্যমাত্রার ৫ শতাংশ কর্মদিবস এখনও তৈরি করা যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, হুগলি জেলায় প্রায় ৪৬ হাজার প্রকল্প চলছে। তাতেই এই সাফল্য এসেছে। চলতি মাসের গত ছ’দিনে ১৪ হাজারের বেশি কর্মদিবস তৈরি হয়েছে, যা সারা রাজ্যের মধ্যে চতুর্থ। 

Advertisement

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি পঞ্চায়েতে ইতিমধ্যে গড়ে ১৯টি করে প্রকল্প (আবাস প্রকল্প বাদে) চলছে এবং ৮ লক্ষেরও বেশি কর্মদিবস তৈরি হয়েছে। কাজ বাবদ অর্থ মেটানো হয়েছে প্রায় ২.৭৯ কোটি টাকা। গ্রাম পঞ্চায়েতভিত্তিক কর্মদিবস তৈরির ক্ষেত্রে অবশ্য হুগলি জেলা কিছুটা পিছিয়ে আছে। এক্ষেত্রে হুগলি জেলার স্থান রাজ্যে পঞ্চম। জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, কর্মদিবস তৈরির ক্ষেত্রে গতি আনতে নতুন কিছু পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে সেই নীল নকশা রূপায়ণের কাজও শুরু হয়েছে। তাতে সার্বিকভাবে প্রথম স্থান ধরে রাখার পাশাপাশি লক্ষ্যমাত্রার আরও কাছে পৌঁছানোর কাজ সহজ হবে। মূলত, ১৫টি বাছাই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সেই তালিকায় রয়েছে সেচখাল তৈরি, গবাদি পশুর আবাস তৈরি, একাধিক জলসঞ্চয় প্রকল্প ও সরকারি বিভিন্ন দপ্তরের সীমানা প্রাচীর তৈরির মতো কাজগুলি।