Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হোমটাস্ক হয়নি, বিজেপির কর্মশালায় অনুপস্থিত ৩৮ জন মণ্ডল সভাপতি

মুখস্থ করতে হবে বর্গগীত। পড়ে আসতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের জীবনী।

হোমটাস্ক হয়নি, বিজেপির কর্মশালায় অনুপস্থিত ৩৮ জন মণ্ডল সভাপতি
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মুখস্থ করতে হবে বর্গগীত। পড়ে আসতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের জীবনী। বৃহস্পতিবার বিকেল থেকে মেচেদায় একটি গেস্ট হাউসে বিজেপির হাওড়া, হুগলি ও মেদিনীপুর জোনের ৩০৮টি মণ্ডলের সভাপতিদের নিয়ে দু’ দিনের কর্মশালা শুরু হয়েছে। তাতে যোগ দেওয়ার আগে ৩০৮ জনকে ওই হোমটাস্ক সেরে আসার নির্দেশ দিয়েছিল দল। অনেক আগেই পড়াশোনায় ছেদ পড়েছে। মুখস্থ আর হতে চায় না। এই অবস্থায় মোট ২৭০ জন রেজিস্ট্রেশন করে কর্মশালায় যোগ দেন। ৩৮ জন মণ্ডল সভাপতি অনুপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের ঠিক করে দেওয়া হোমটাস্ক সারতে না পারায় বেশ কয়েকজন কর্মশালা ফাঁকি দিয়েছেন। তাঁরা ক্লাসে হাজির হননি।

Advertisement

সম্প্রতি জেলা ও মণ্ডল স্তরে বিজেপিতে অনেক জায়গায় সাংগঠনিক রদবদল হয়েছে। মণ্ডল সভাপতি পদে অনেক নতুন মুখ এসেছে। ৩ সেপ্টেম্বর ঘাটাল সাংগঠনিক জেলায় ১১ মণ্ডলে সভাপতি পদে রদবদল ঘটানো হয়েছে। এই অবস্থায় হাওড়া, হুগলি ও মেদিনীপুর জোনের ১০টি সাংগঠনিক জেলার প্রত্যেক মণ্ডল সভাপতিদের নিয়ে দু’ দিনের কর্মশালার আয়োজন করেছে বিজেপি। মোট ৩০৮টি মণ্ডল রয়েছে। প্রত্যেক মণ্ডল সভাপতিকে ওই কর্মশালায় যোগ দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে প্রত্যেককে বৃহস্পতিবার বিকাল ৪টায় মেচেদার ওই গেস্ট হাউসে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বিশেষ নির্দেশাবলী হিসেবে, বর্গগীত মুখস্থ করা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের জীবনী পড়ে আসতে বলা হয়েছিল। ১৮ লাইনের বর্গগীত প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠানো হয়েছিল। কর্মশালায় যোগ দেওয়ার জন্য পড়াশোনা ও মুখস্থ করার নিদান দেখে অনেকেই ঘাবড়ে যান। কেউ কেউ রাত জেগে মুখস্থ করেছেন। আবার কেউ কেউ চেষ্টা করেও রপ্ত করতে পারেননি। এই অবস্থায় কর্মশালায় যাতে অস্বস্তির মধ্যে পড়তে না হয় সেজন্য সভা এড়িয়ে যাওয়ার কৌশল নেন। যে কারণে একসঙ্গে ৩৮ জন অনুপস্থিত থাকেন। জানা গিয়েছে, নেতৃত্বের গুণাবলী, সাংগঠনিক আদর্শ, মূল্যবোধ ও সাংগঠনিক কাজকর্মে শৃঙ্খলার বিষয়ে পাঠ দিতেই এই কর্মশালার আয়োজন। সেখানে শিক্ষক হিসেবে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা ছাড়াও দলের নেতা মনোজ পান্ডে ও জেলা সভাপতি মলয় সিনহার মতো নেতাদের হাজির থাকার কথা। মণ্ডল সভাপতিদের একাংশ আড়ালে বলছেন, কর্মশালায় যোগ দেওয়ার জন্য হোমটাস্ক দেওয়ার কী প্রয়োজন? অল্প সময়ের মধ্যে ১৮ লাইন মুখস্থ করা অনেক কঠিন কাজ। তাছাড়া, পড়াশোনা সেই কবে শেষ হয়েছে। এখন চেষ্টা করেও মুখস্থ করা যাচ্ছে না। বৃহস্পতিবার রাতেও কর্মশালা চলছে। প্রত্যেক মণ্ডল সভাপতি রাত্রিবাস করবেন। শুক্রবার সকালে যোগব্যায়াম ও প্রাণায়াম করার নিদান আছে। কোন কোন যোগব্যায়াম করতে হবে সেসবও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যোগারও প্রস্তুতি সেরে আসতে নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরের এক মণ্ডল সভাপতি বলেন, অনেকটা রাত জেগে কাজকর্ম করতে হয়। তাই সকালে উঠতে দেরি হয়। তাই প্রশিক্ষণ শিবিরে সকালে যোগব্যাগাম ও প্রাণায়ামে অংশ নিতে পারব কি না জানি না।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় সিনহা বলেন, তিনটি জোনের ৩০৮টি মণ্ডলের সভাপতিদের নিয়ে কর্মশালা শুরু হয়েছে। সেখানে বর্গগীত মুখস্থ করে আসার পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দীনদয়াল উপাধ্যায়ের জীবনী পড়ে আসতে বলা হয়েছিল। কর্মশালায় অধিকাংশ সভাপতি যোগ দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ