


শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: কোনো বড়ো অপরাধ ঘটলে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় একই কায়দায় ঘটে যাওয়া অপরাধগুলির তথ্য সংগ্রহে জোর দেন। জানার চেষ্টা হয় সেখানে অপরাধীরা কী প্যাটার্ন ফলো করছে বা তাদের মোডাস অপারেন্ডি কী ছিল। অপরাধের দ্রুত কিনারা করার জন্য এটা জরুরি। কিন্তু বিভিন্ন রাজ্যের তদন্তকারী অফিসারদের কাছে এনিয়ে তুলনামূলক বিশ্লেষণের সুযোগই নেই। তার মোকাবিলায় আসতে চলেছে ‘মোডাস অপারেন্ডি ব্যুরো’। স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা এই পোর্টালে সমস্ত রাজ্যে সংঘটিত অপরাধ, তার মোডাস অপারেন্ডি, অপরাধীদের যাবতীয় তথ্য আপলোড করা থাকবে। চাইলে কোনও অফিসার অপারাধের কিনারায় এর সাহায্য নিতে পারবেন। তাই পশ্চিমবঙ্গসহ সমস্ত রাজ্যের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পুরানো অপরাধ, তার মোডাস অপারেন্ডি থেকে সমস্ত তথ্য চাওয়া হয়েছে।
অপরাধের ধরন প্রতিদিন বদলাচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখে অপরাধীরা বন্দুকের ব্যবহার, এমনকি আইইডি তৈরি পর্যন্ত শিখছে। সাইবার অপরাধের ক্ষেত্রে ঘটনা কোনো একটি রাজ্যে ঘটলেও তার সূত্র থাকছে অন্য রাজ্যেও। সোশ্যাল মিডিয়ার দৌলতে এক রাজ্যের অপরাধী অন্য রাজ্যের দুষ্কৃতীদের কৌশল ব্যবহার করছে। তদন্ত করতে গিয়ে অফিসাররা দেখতে পাচ্ছেন, তাঁর রাজ্যে ঘটে যাওয়া অপরাধের সঙ্গে মিল রয়েছে অন্য রাজ্যে সংঘটিত দুষ্কর্মের। কিন্তু সমস্ত তথ্য এক ক্লিকে দেখে নেওয়ার মতো তথ্য ভাণ্ডার কোথাও নেই। সেই কারণে স্বরাষ্ট্র মন্ত্রক মোডাস অপারেন্ডি ব্যুরো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে সংযুক্ত থাকবে দেশের সমস্ত রাজ্যের পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিও চাইলে তা ব্যবহার করতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, বিগত দিনে ও সম্প্রতি কী কী ধরনের অপরাধ ঘটেছে, সমস্ত রাজ্যের কাছে তার তথ্য রয়েছে। অপরাধীরা কী ধরনের মোডাস অপারেন্ডি ব্যবহার করেছে, তারা কোথা দিয়ে ঢুকেছে, দিনের কোন সময় তারা ব্যবহার করে এবং কী সরঞ্জাম নিয়ে তারা এসেছিল তা তদন্তকারীরা জেনেছেন। এমনকি, ধৃত অভিযুক্তরা ওই রাজ্য বাদে আর কোন কোন জায়গায় অপরাধ করেছে, তা তদন্ত চলাকালে উঠে এসেছে। বিভিন্ন রাজ্যে সংঘটিত অপরাধের পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান নিয়েই তৈরি হবে মোডাস অপারেন্ডি ব্যুরো। বিভিন্ন ঘটনা বা মোডাস অপারেন্ডির ক্ষেত্রে কী কী মিল রয়েছে, কেস ধরে ধরে সেগুলি বিশ্লেষণ করা থাকবে।
এই তথ্য দেখার জন্য মোডাস অপারেন্ডি ব্যুরো নামে একটি পোর্টাল থাকবে। সেখানে ক্লিক করলে মুহূর্তেই মিলবে যাবতীয় তথ্য। প্রতিটি রাজ্যের পুলিশকে এর সঙ্গে সংযুক্ত রাখা হচ্ছে, যাতে কোথাও কোনো অপরাধ ঘটলে সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ মোডাস অপারেন্ডি ব্যুরোয় গিয়ে তুলনামূলক বিশ্লেষণ করতে পারেন। অভিযুক্তের সম্পর্কে তথ্য পাওয়াও সহজ হবে এতে। এই সমস্ত তথ্য রাজ্যগুলিকে দ্রুত পাঠাতে বলা হয়েছে। এটি চালু হয়ে গেলে তদন্তকারী অফিসারদের কাজের সুবিধার পাশাপাশি তদন্তের গুণগত মানের সঙ্গে অপরাধের কিনারার পরিমাণও বাড়বে। আশা করছে স্বরাষ্ট্র মন্ত্রক।