নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিহারের কুখ্যাত দুষ্কৃতী রাজা মাহাত ওরফে রাজাবাবু হাওড়া থেকে গ্রেপ্তার। শুক্রবার গভীর রাতে হাওড়া ময়দান সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন বিহার পুলিস ও হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বিহারে একটি খুন ও ডাকাতির মামলায় মূল অভিযুক্ত এই দুষ্কৃতী। বিহারের মুজাফ্ফরপুরে একটি বহুজাতিক সংস্থার গোডাউনে ডাকাতি করার সময় সেখানকার এক কর্মীকে খুন করে সে ও তাঁর সঙ্গীরা। এরপর ডাকাতি করে পালিয়ে যায় দলটি।। ঘটনার তদন্তে নামে বিহার পুলিস। দেড় বছরেরও বেশি সময় ফেরার থাকার পর কিছুদিন আগে তারা ওই দুষ্কৃতীর সন্ধান পায়। মুজাফ্ফরপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর খোঁজ মেলে। শনিবার ওই দুষ্কৃতীকে হাওড়া জেলা আদালত থেকে ট্রানজিট রিমান্ডে বিহারে নিয়ে যাওয়া হয়েছে।



