নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার হাওড়া পুরসভার ভোট নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেই মামলায় রাজ্যের তরফে জানানো হয়, হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করা সংক্রান্ত বিলে সম্মতি দেননি রাজ্যপাল। ২০২২ সালে সেই বিল রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হয়েছিল। ওই বিলের বর্তমান হাল কী, সেব্যাপারে রাজ্যের কাছে কোনও তথ্য নেই। রাজ্যের এই বক্তব্য শোনার পরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, ২০২২ সালের ওই বিলে রাজ্যপালের সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে আট সপ্তাহের মধ্যে রাজ্যকে লিখিত বক্তব্য জানাতে হবে। তারপর পুরসভার ভোট নিয়ে বিস্তারিত শুনানি করবে হাইকোর্ট।
Advertisement
হাওড়া পুরসভায় শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ওই বছর বামফ্রন্টকে হারিয়ে পুরবোর্ডের দখল করে তৃণমূল। ওই বোর্ডের মেয়াদ ২০১৮ সালে শেষ হলেও রাজ্য নির্বাচন কমিশন নতুন করে নির্বাচন ঘোষণা করেনি। প্রশাসকমণ্ডলী তারপর থেকে পুরসভা পরিচালনা করে আসছে।



