নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির হিন্দমোটর কারখানার শ্রমিক মহল্লায় জলসঙ্কট তৈরি হয়েছে। শ্রমিক মহল্লার বেশ কিছু পরিবার গত দু’সপ্তাহ ধরে জল পাচ্ছেন না। অভিযোগ, ওই পরিবারগুলি স্থানীয় একটি সাবমার্সিবল পাম্প থেকে জল নিতেন। কিন্তু সম্প্রতি সেই পাম্পটি চুরি হয়ে যায়। তারপর থেকেই জলসঙ্কট তৈরি হয়েছে। এদিন উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন দাস ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দারা কারখানার এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে এদিন খোকনবাবুর কাছে অভিযোগ করেছেন। পরে ভাইস চেয়ারম্যান বলেন, কারখানার গাছকাটা সহ একগুচ্ছ অভিযোগ পেয়েছি। সেসব খতিয়ে দেখা হবে। ওই আবাসিকদের পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।



