ওয়াশিংটন: গাজা ভূখণ্ডে পণবন্দি মার্কিন নাগরিকদের ছাড়াতে হামাসের সঙ্গে গোপন বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। এমনই দাবি করল একটি সংবাদমাধ্যম। এর আগে কোনওদিন হামাসের সঙ্গে সরাসরি কথা বলেনি আমেরিকা। বরং ১৯৯৭ সালে হামাসকেই ‘জঙ্গি সংগঠন’-এর তকমা দিয়েছিল ওয়াশিংটন। সম্প্রতি হামাসকে যুদ্ধের ‘মূল্য’ চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা গাজা ভূখণ্ডকে অধিগ্রহণ করবেন বলেও দাবি করেন তিনি। ওই সংবাদমাধ্যম দাবি করেছে, গত সপ্তাহে দোহায় মার্কিন প্রেসিডেন্টের পণবন্দি সংক্রান্ত দূত অ্যাডাম বোহলারের সঙ্গে হামাসের প্রতিনিধির বৈঠক হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর বেশ কয়েকজন পণবন্দিকে মুক্তি দিলেও এখনও ৫৯ জনকে তারা আটকে রেখেছে বলে অভিযোগ। ওই পণবন্দিদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক। একটি সূত্রের খবর, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য সব পণবন্দির মুক্তির দাবি করেছে আমেরিকা। তবে এখনও হামাসের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছতে পারেনি তারা।



