Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হলফনামায় অসন্তুষ্ট হাইকোর্ট, ফের স্বাস্থ্যসচিবের   রিপোর্ট তলব

হলফনামায় অসন্তুষ্ট হাইকোর্ট, ফের স্বাস্থ্যসচিবের   রিপোর্ট তলব
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের পুরন্দরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে রাজ্যের দেওয়া রিপোর্টে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ওই স্বাস্থ্য কেন্দ্রের উন্নতিকরণের জন্য রাজ্য কী পদক্ষেপ করেছে, তা নিয়ে স্বাস্থ্যসচিবের রিপোর্ট তলব করেছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস)-এর ডিভিশন বেঞ্চ। 
Advertisement
মঙ্গলবার এবিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিবের তরফে জমা পড়া হলফনামা দেখে ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘আমরা এই হলফনামায় সন্তুষ্ট নই। বরং দুঃখিত। স্বাস্থ্যকেন্দ্র নিয়ে স্বাস্থ্যসচিব যে হলফনামা দিয়েছেন, তাতে আদালত চিন্তিত।’ 
ওই গ্রামীণ হাসপাতাল তৈরি জন্য ১৯৬২ সালে ১.৯৮ একর জমি দান করেছিলেন মামলাকারীর ঠাকুরদা। সেখানে ছয় শয্যার গ্রামীণ হাসপাতাল তৈরি হয়। তাঁর আইনজীবী পঙ্কজ হালদার বলেন, পরবর্তীকালে ওই ছয় শয্যার হাসপাতালকে ১০ শয্যার হাসপাতালে রূপান্তরের জন্য মামলাকারীর কাছে আরও জমি চায় তৎকালীন সরকার। ১৯৭৬ সালে মামলাকারীর বাবা সরকারকে আরও জমি দান করেন। মোট ৪.৬৮ একর জমি দান করা হয়। কিন্তু মামলাকারীর অভিযোগ, এতদিন পর ওই গ্রামীণ হাসপাতালকে উন্নীত না করে এখন সেখানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পানীয় জলের একটি পাম্প হাউস নির্মাণ করছে। এই অভিযোগের প্রেক্ষিতে হলফনামা আকারে স্বাস্থ্যসচিবের রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এদিন রাজ্যের আইনজীবী জানান, ২০১৩ সালে ওই জমিতে ওয়াটার রিজার্ভার বসানোর সিদ্ধান্ত হয়। ওই এলাকার মানুষের জল পাওয়ার কথাও আদালতকে ভাবতে হবে। ১০০ মিটার পাইপ বসানোর কাজ করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আদালত জানিয়েছে, জলপ্রকল্প নিয়ে বাধা নেই। তবে আদালত ওই হাসপাতালকে উন্নীতকরণের বিষয়টি নিয়ে ভাবছে। যে কারণে ফের স্বাস্থ্যসচিবের রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। মামলাকারীর আইনজীবী পঙ্কজ হালদারের দাবি, ‘হাসপাতালের কোনও অ্যাম্বুলেন্স নেই। রাতে কিছু হলে ৪০ কিমি দূরে ডায়মন্ডহারবার যেতে হয়। সন্ধ্যা সাড়ে ৭টার পর আর কোনও পাবলিক ট্রান্সপোর্ট নেই।’ বিষয়টি শোনার পর বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ