ভুবনেশ্বর: হার দিয়ে হকি প্রো লিগে অভিযান শুরু করল ভারতের পুরুষ দল। শনিবার ভুবনেশ্বরে প্রথম ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিলেন হরমনপ্রীত সিংরা। ফেভারিট হিসেবে নামলেও একেবারেই ছন্দে ছিলেন না তাঁরা। ১-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া। বলা ভালো, সুযোগ নষ্টের চরম খেসারত দিতে হল অভিষেকদের। প্রথম কোয়ার্টারে আক্রমণের চাপ বজায় রাখলেও গোল আসেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের গোড়ায় দলকে লিড এনে দেন সুখজিৎ সিং। কিন্তু তারপরই ছন্দপতন। মাঝমাঠ ও আক্রমণভাগে বোঝাপড়ার অভাবই ডোবায় কোচ ক্রেগ ফুলটনের দলকে। সুযোগের সদ্ব্যবহার করে স্পেন। লাকেলা বোরহার গোলে সমতায় ফেরে তারা। এরপর তৃতীয় কোয়ার্টারে স্প্যানিশ ব্রিগেডকে এগিয়ে দেন ইনগাসিও। আর শেষ কোয়ার্টারে ব্রুনোর লক্ষ্যভেদে পুরোপুরি মুছে যায় ভারতের ম্যাচে ফেরার আশা। ম্যাচ শেষে ভারতীয় দলের কোচ ফুলটন বলেন, ‘আমরা শুরুটা ভালোই করেছিলাম। লিড নিয়েও আচমকা খেলা থেকে হারিয়ে যাওয়াটা বিস্ময়কর। ছেলেদের এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে। খেলার মাঠে আত্মতুষ্টির কোনও স্থান নেই।’
Advertisement
এদিকে, মহিলাদের ম্যাচে ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারাল ভারত। খেলার ফল ৩-২। টিম ইন্ডিয়ার হয়ে স্কোরশিটে নাম তোলেন বৈষ্ণবী ফালকে, দীপিকা ও নবনীত কাউর। এরমধ্যে দু’টি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে।



