নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতাল থেকে ছুটি হওয়া সত্ত্বেও, এইচআইভি আক্রান্ত এক বধূকে তাঁর বাড়ির লোকজন ফিরিয়ে না নেওয়ায়, ফাঁপরে পড়েছে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন। তিন মাস ধরে সেখানেই পড়ে রয়েছেন ৪০ বছরের ওই বধূ। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে বউবাজার থানায়। কিন্তু তাতেও কোনও সুরাহা না হওয়ায়, শেষ পর্যন্ত আইনি সহায়তা পেতে গত ২৩ অক্টোবর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের মেডিকেল সুপার তথা ভাইস প্রিন্সিপাল চিঠি দেন কলকাতা জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের (লিগ্যাল এইড) সচিবকে। সূত্রের খবর, সেই চিঠি পাওয়ার পর প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়া শুরু করেছে লিগ্যাল এইড। জানা গিয়েছে, শীঘ্রই লিগ্যাল এইডের কর্তারা ওই বধূর উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। যাতে ওই গৃহবধূকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। জানা গিয়েছে, ওই পরিদর্শন টিমে থাকার কথা কলকাতা লিগ্যাল এইডের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষের। হাসপাতালে পড়ে থাকা ওই বধূর বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়ে প্রয়োজনে লিগ্যাল এইড সরকারের উধ্বর্তন স্তরে কথা বলবে বলে জানা গিয়েছে। ওই বধূর পরিবারের আরো একটি বাড়ি রয়েছে হাওড়ার সালকিয়াতে। সেখানেও যেতে পারেন লিগ্যাল এইডের লোকজন।



