Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে হিন্দু নির্যাতন অব্যাহত, গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন, পেট্রল পাম্পের কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা

ফের বাংলাদেশে নির্যাতনের মুখে সংখ্যালঘুরা। একদিনের মধ্যে খুন করা হল দুই হিন্দুকে। শুক্রবার ভোরে রাজবাড়ি জেলায় এক হিন্দু যুবককে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়।

বাংলাদেশে হিন্দু নির্যাতন অব্যাহত, গাজীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুন, পেট্রল পাম্পের কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

ঢাকা: ফের বাংলাদেশে নির্যাতনের মুখে সংখ্যালঘুরা। একদিনের মধ্যে খুন করা হল দুই হিন্দুকে। শুক্রবার ভোরে রাজবাড়ি জেলায় এক হিন্দু যুবককে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়। আর শনিবার নিজের রেস্তরাঁর কর্মীকে বাঁচাতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু হল এক হিন্দু ব্যক্তির। এদিন সকালে ঘটনাটি ঘটেছে গাজিপুর জেলার কালীগঞ্জ এলাকায়। মৃতের নাম লিটনচন্দ্র ঘোষ ওরফে কালী (৫৫)। তাঁর বাড়ি চান্দাইয়া এলাকায়। লিটন কালীগঞ্জ পুরসভার কাছে বড়নগর সড়কের পাশে ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি রেস্তরাঁ চালাতেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি মহম্মদ জাকির হোসেন বলেন, ‘ঘটনার পরপরই জড়িত তিনজনকে পুলিশের হেপাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে’

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বেলা এগারোটা নাগাদ মাসুম মিয়াঁ নামে এক যুবক ওই রেস্তরাঁয় যায়। এরপর রেস্তরাঁর কর্মী অনন্ত দাসের সঙ্গে মাসুমের কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। ওসি জানিয়েছেন, অভিযুক্তদের দাবি ছিল, তাদের বাগান থেকে কলা চুরি হয়েছে। আর সেই কলা লিটনের রেস্তরাঁয় পাওয়া গিয়েছে। হাতাহাতি চলাকালীন মাসুমের বাবা স্বপন মিয়াঁ ও মা মাজেদা খাতুনও ঘটনাস্থলে আসে। তিনজনে মিলে অনন্তকে মারধর শুরু করে। তা দেখে অনন্তকে বাঁচাতে যান লিটন। অভিযুক্তরা রেস্তরাঁ মালিককে ঘিরে মারতে শুরু করে। সেই সময় বেলচা দিয়ে লিটনের মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রাই তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

অন্যদিকে, রাজবাড়ি সদর উপজেলায় তেলের টাকা চাওয়ায় পেট্রল পাম্পে কর্মরত এক হিন্দু যুবককে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম রিপন সাহা (৩০)। মৃতের বাড়ি রাজবাড়ির খানখানাপুর এলাকার সাহাপাড়ায়। গাড়ির মালিক ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের নাম আবুল হাসেম সুজন। তিনি রাজবাড়ি জেলা বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ। বর্তমানে ঠিকাদারি করেন। গত বছরের ফেব্রুয়ারিতেও সুজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়ে যান।

পুলিশ জানিয়েছে, গোয়ালন্দ মোড়ের কাছে একটি পেট্রল পাম্পে কাজ করতেন রিপন। শুক্রবার ভোরেও ডিউটিতে ছিলেন। পাম্পের অন্য কর্মীরা জানিয়েছেন, একটি ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে সুজন সেখানে আসেন। ড্রাইভার ৫ হাজার টাকার তেল নেয়। কিন্তু টাকা না দিয়েই গাড়িটি পাম্প ছাড়তে উদ্যত হয়। পিছনে ধাওয়া করে ঢাকা-খুলনা জাতীয় সড়ক পর্যন্ত যান রিপন। তাঁর সঙ্গে জাকির হোসেন নামে পাম্পের অপর এক কর্মীও ছিলেন। সেই সময় সুজনের গাড়ি পিষে দেয় রিপনকে।

সম্পর্কিত সংবাদ