Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্কুলে পড়ুয়াদের ফোন ব্যবহার নিষেধাজ্ঞা হিমাচলে

স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল হিমাচল প্রদেশ সরকার। আগামী ১ মার্চ থেকে সরকারি-বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই এই নয়া নিয়ম চালু হচ্ছে।

স্কুলে পড়ুয়াদের ফোন ব্যবহার নিষেধাজ্ঞা হিমাচলে
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিমলা: স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল হিমাচল প্রদেশ সরকার। আগামী ১ মার্চ থেকে সরকারি-বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই এই নয়া নিয়ম চালু হচ্ছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এদিন ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসের অনুর্ধ্ব-১৯ গার্লস হ্যান্ডবল টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুখু জানিয়েছেন, মোবাইল সহ কোনো পড়ুয়া ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা হবে। সেই সঙ্গে ফোনটিও বাজেয়াপ্ত করবে কর্তৃপক্ষ। পাশাপাশি, অভিভাবকদেরও স্কুলে আয়োজিত কাউন্সেলিং সেশনে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয়বার যদি কোনো পড়ুয়া মোবাইল সহ ধরা পড়লে কী পদক্ষেপ নেওয়া হবে, সেব্যাপারে শিক্ষাদপ্তর থেকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, কেন এই কড়া পদক্ষেপ? সুখুর মতে, স্কুলের মধ্যে মোবাইল ব্যবহারের ফলে পড়াশুনোর মনোনিবেশে ব্যাঘাত ঘটছে। তাতে ছাত্রছাত্রীদের বড় ক্ষতি হচ্ছে। সেই সমস্যা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। হিমাচল সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট মহল। তাঁদের মতে, কিশোর-কিশোরীদের মধ্যে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশা মহামারির মতো ছড়িয়ে পড়ছে। সারাদিন তারা মোবাইল হাতে বসে থাকছে। এতে পড়াশুনো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্কুলে মোবাইল নিষিদ্ধ হওয়ায় ওই সময়ে তারা লেখাপড়ায় মন দিতে পারবে। সৃজনশীল কাজে যুক্ত হওয়ায় প্রবণতাও বৃদ্ধি পাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ