নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে সন্দেশখালিতে তিনটি খুনের ঘটনায় কোনও পদক্ষেপ করেনি পুলিস। শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা থাকায় পুলিস কোনও পদক্ষেপ করতে পারেনি। এমনই অভিযোগে ওই তিনটি খুনে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। গত বছরের ডিসেম্বর মাসে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চ। শুক্রবার সেই বেঞ্চ জানিয়েছে, রাজ্য এবং মামলাকারীদের কাছে নির্দিষ্ট কিছু তথ্য চায় আদালত। ওই তথ্য পেলেই যত দ্রুত সম্ভব রায় ঘোষণা করা হবে। আদালত আগামী সপ্তাহে রায় ঘোষণার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন বিচারপতি।



