পৃথিবীর সবথেকে উঁচু পর্বতশৃঙ্গ হিমালয়ের মাউন্ট এভারেস্ট। সেকথা কে না জানে! কিন্তু এর চেয়েও বেশি উচ্চতার আর কিছু কি রয়েছে? এমনটাই দাবি নেদারল্যান্ডসের বিজ্ঞানীদের। তাঁরা জানিয়েছেন, ভূগর্ভে এভারেস্টের চেয়েও একশো গুণ উঁচু দু’টি বিশাল পর্বতের অস্তিত্ব মিলেছে। ভূপৃষ্ঠের অনেক গভীরে লুকিয়ে রয়েছে এই দু’টি পর্বত। সেগুলির উচ্চতা প্রায় ১ হাজার কিমি। সেখানে এভারেস্টের উচ্চতা মাত্র ৮.৮ কিমি! এই বিষয়ে নেদারল্যান্ডসের ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ভূগর্ভে আবিষ্কৃত এই দু’টি বিশাল ভূখণ্ড অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি গরম এবং প্রায় ৫০ কোটি বছরের পুরনো। এমনকী তা পৃথিবী সৃষ্টির সময়ের অর্থাৎ ৪০০ কোটি বছর আগেরও হতে পারে। এই গবেষণা পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টল সম্পর্কে বিজ্ঞানীদের আগের ধারণাকে রীতিমতো বদলে দিয়েছে। আগে বিজ্ঞানীরা মনে করতেন, পৃথিবীর ভিতরের অংশ খুব দ্রুত বেগে চলে। কিন্তু নতুন গবেষণা বলছে, পৃথিবীর ভিতরের অংশ ততটাও দ্রুত চলে না। আসলে ২০ শতকের শেষদিকে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নীচে এই দু’টি বিশাল ভূখণ্ডের অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। নেচার জার্নালে এই সংক্রান্ত একটি নিবন্ধও প্রকাশিত হয়েছে।



