নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতির অভিযোগে তিনবছর আটকে থাকার পর কেন্দ্রকে ১ আগস্ট থেকে বাংলায় মনরেগা বা ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার এই রায়ের কপি হাতে পেয়েছে এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষ। তাতেই উঠে এসেছে এরাজ্যে ফের একবার করে কাজ শুরু হওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আদলেতের নির্দেশ অনুযায়ী, আগের মতো আর্থিক গরমিল এড়াতে, ১ আগস্ট থেকে কাজ চালু করার ক্ষেত্রে কেন্দ্রকে বাংলায় ‘স্পেশাল কন্ডিশন’ বা ‘বিশেষ শর্ত’ আরোপ করার ক্ষমতা দিয়েছে হাইকোর্ট। আদালতের এই নির্দেশ ইতিবাচকভাবে দেখছে রাজ্য সরকারও। কারণ, এতে আরও স্বচ্ছতা বাড়বে বলেই তাঁদের মত। এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘আমরা সবসময়েই স্বচ্ছতার সঙ্গে প্রকল্প রূপায়ণের পক্ষে। চাই কাজটি দ্রুত শুরু হোক।’



