নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা পুরভোটে আইনি বাধা কার্যত রইল না। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। ডিলিমিটেশনের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে এখন হয়েছে ২০৯টি। এই প্রক্রিয়া আইন মেনে সঠিক পদ্ধতিতে হয়নি—এই অভিযোগে মামলা হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ দু’পক্ষকে হলফনামা জমা দিতে বললেও বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে অন্তর্বর্তী নির্দেশ দেননি। ফলে ভোট হতে বাধা নেই বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
এদিকে, প্রায় ৩০ হাজার ভোটকর্মী দিয়ে কলকাতার পুর নির্বাচন হতে চলেছে বলে প্রশাসনের অন্দর থেকে ইঙ্গিত মিলছে। কারণ, কমবেশি ওই সংখ্যক কর্মীর কাছে প্রশিক্ষণের চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর। এমনিতেই প্রায় পাঁচ হাজার বুথের জন্য লাগতে পারে ২০-২২ হাজার ভোটকর্মী। কিন্তু সেখানেই থেমে না থেকে, বেশি সংখ্যক কর্মীকেই প্রস্তুত রাখতে চাইছে সরকার। জেলা সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর ছুটির পর প্রথম দফার ট্রেনিং হওয়ার কথা। সেইমতো প্রশিক্ষণের চিঠি পাঠানো শুরু করে দেওয়া হচ্ছে। বিধানসভা নির্বাচনে যেসব সরকারি কর্মী বুথ সামলেছেন, তাঁদের মধ্যে থেকেই একটা অংশকে পুর নির্বাচনে নেওয়া হবে বলে জানা গিয়েছে।



