করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। আয়োজক পাকিস্তান। তবে সে দেশে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গত সপ্তাহে আইসিসি’কে তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। তারই প্রেক্ষিতে পিসিবি’কে সেই বার্তা পাঠিয়েছে আইসিসি। অগত্যা একমাত্র বিকল্প ‘হাইব্রিড মডেল’, যা মানতে নারাজ পিসিবি। গত বছর এই মডেলেই ভারত এশিয়া কাপের ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি হয়েছিল পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও তেমন হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে ভারতের ম্যাচগুলি হবে সম্ভবত দুবাইয়ে। কিন্তু এভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে আপত্তি রয়েছে পাকিস্তানের। তাই ভারতের অবস্থান নিয়ে আইসিসি’র কাছে ব্যাখ্যা চেয়েছে পাক বোর্ড।
Advertisement
২০০৮ সালের পর সাধারণত বড় আসরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বাইশ গজে মুখোমুখি হয়েছে। তবে পাকিস্তান গতবছরই ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে এসেছিল। পাক সরকার তাই এই ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার পক্ষপাতী। ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক বন্ধের কথাও শোনা যাচ্ছে। এমনকী, হাইব্রিড মডেলে ভারত খেললে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন থেকেও সরে আসতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।



