নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে চলে যাওয়ার ফলে বহু বাসিন্দাই ইনিউমারেশন ফর্ম পাচ্ছেন না। বিএলও’রা নিয়ম মেনে তাঁদের পুরনো ঠিকানায় গেলেও সেখানে বাসিন্দারা না থাকায় তাঁদের ফর্ম দেওয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হাওড়া শহরে এমন বাসিন্দার সংখ্যা প্রায় ২৮০০। এই পরিস্থিতিতে বাসিন্দাদের সুবিধার্থে হাওড়ার জেলাশাসকের দপ্তর বিশেষ হেল্পলাইন চালু করেছে। ফর্ম না পাওয়া কিংবা ফর্ম পূরণের ক্ষেত্রে সমস্যা হলে সোমবার থেকে শনিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তাঁরা ফোন করতে পারবেন ৯০০৭০৭৯৮৬৬ ও ৯৪৭৭৪৬৪৬৭০— এই দু’টি নম্বরে। জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, ‘শুধু ফর্ম হাতে না পাওয়া নয়, ফর্ম পূরণ নিয়েও যদি কোনও বাসিন্দা সমস্যায় পড়েন, তাহলে এই হেল্পলাইনে ফোন করলে সাহায্য পাবেন। শহরের বড় অংশের বাসিন্দাদের কাছে ফর্ম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। কিন্তু যাঁরা পুরনো বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাটে গিয়েছেন, তাঁদের কাছে বিএলও’রা পৌঁছতে না পারায় ফর্ম বণ্টন অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তাই তাঁদের জন্য পৃথক হেল্পলাইন চালু করা হয়েছে। অন্যদিকে, ডেটা এন্ট্রির কাজ নিয়ে বিএলওদের আপত্তি ও বিক্ষোভের পর নির্বাচনী কাজে বাড়তি কর্মীর জোগান দিয়েছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২০ জন করে অতিরিক্ত সরকারি আধিকারিক নিযুক্ত করা হয়েছে, যাঁরা বিএলওদের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে ডেটা এন্ট্রি করবেন।



