Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিক্যাল টিম নিয়ে কোচবিহারের প্রত্যন্ত এলাকায় পৌঁছবে স্বাস্থ্যদপ্তর

মেডিক্যাল টিম নিয়ে কোচবিহারের প্রত্যন্ত এলাকায় পৌঁছবে স্বাস্থ্যদপ্তর
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করবে জেলা স্বাস্থ্য দপ্তর। রীতিমতো মেডিক্যাল ক্যাম্প করে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। যেসমস্ত এলাকা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে কিছুটা দূরে, সেই সমস্ত এলাকাকেই এই ক্যাম্পের জন্য বেছে নেওয়া হবে। জেলা স্বাস্থ্যদপ্তরের ১০ থেকে ১৫ জনের একএকটি টিম ওই সব এলাকায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে। এপ্রিল মাস থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রীকুমার আড়ি বলেন, জেলার প্রত্যন্ত এলাকায় লাগাতার মেডিক্যাল ক্যাম্প করা হবে। গ্রামীণ মানুষকে তাঁর বাড়ির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। 
তুফানগঞ্জ থেকে এই মেডিক্যাল ক্যাম্পের কাজ শুরু হবে। চিকিৎসকদের টিম পৌঁছে রোগীদের সুগার, প্রেসার মাপা, স্বাস্থ্যপরীক্ষা করার কাজ করবে। প্রয়োজন হলে ওষুধ দেওয়া হবে। একইসঙ্গে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। কোনও জটিল রোগ ধরা পড়লে সেখান থেকে রোগীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। 
জেলায় বর্তমানে ১২টি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৩৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ৪০২টি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে সাধারণ মানুষ প্রতিনিয়ত পরিষেবা পেয়ে থাকে। তারপরেও বহু এলাকা রয়েছে যেখানে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা পৌঁছনোর ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা রয়েছে। সেসব জায়গাতেই জেলা স্বাস্থ্যদপ্তর এই মেডিক্যাল ক্যাম্প করার জন্য বেছে নিচ্ছে। এর জন্য প্রতিটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীনে টিম গঠন করা হবে। 
কোচবিহার জেলায় বছর কয়েক আগে মেডিক্যাল কলেজ হয়েছে। সেখানে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি আনা হচ্ছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহ সেখানে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ মেডিক্যাল কলেজ থেকে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে। এছাড়াও গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে তা উন্নত করার লক্ষ্যে লাগাতার কাজ চলছে। তবে এখনও গ্রামীণ এলাকায় চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে। সেসব দিক চিন্তা করেই জেলা স্বাস্থ্যদপ্তর গ্রামীণ মানুষের স্বাস্থ্যপরীক্ষার জন্য লাগাতার এই মেডিক্যাল ক্যাম্পগুলি করার উদ্যোগ নিয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ