নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রক্ত পাচারের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার হাওড়ার পঞ্চাননতলার একটি বেসরকারি ব্লাড ব্যাংকে অভিযান চালাল জেলা স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্য ভবনের নির্দেশে ডেপুটি সিএমওএইচ-৪ অনুপ হাজরার নেতৃত্বে চার সদস্যের তদন্তকারী দল প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ব্লাড ব্যাংকের বিভিন্ন নথি, স্টক রেজিস্টার, ডোনার তালিকা এবং রক্ত সরবরাহ সংক্রান্ত নথি খতিয়ে দেখে। তদন্তের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, বিভিন্ন রক্তদান শিবির থেকে সংগ্রহ করা প্রায় ১০ হাজার ইউনিট রক্ত ও প্লাজমা বেআইনিভাবে ভিনরাজ্যে পাঠানো হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান। অভিযোগ, স্থানীয় প্রয়োজনের পরিবর্তে ওই রক্ত ও প্লাজমা অন্য রাজ্যের বেসরকারি হাসপাতাল ও ডিলারদের কাছে সরবরাহ করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযান শেষে অনুপ হাজরা বলেন, স্বাস্থ্য ভবনের নির্দেশে তাঁরা তদন্তে এসেছিলেন। প্রয়োজনীয় তথ্য ও নথি সংগ্রহ করা হয়েছে। সমস্ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি জানান। এদিকে, ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য শুরু হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, ‘অভিযোগ অত্যন্ত গুরুতর। সরকার বদল না হলে এই ধরনের দুর্নীতি সামনে আসত না। উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে এনে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’