Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভার উদ্যোগে অস্থায়ী কর্মীদের হেলথ চেক আপ

পুরসভার উদ্যোগে অস্থায়ী কর্মীদের হেলথ চেক আপ
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শহরের স্বাস্থ্যের খেয়াল রাখেন যাঁরা, তাঁদের জন্য এই প্রথমবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল হাওড়া পুরসভা। একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে শনি ও রবিবার হাওড়া ময়দানের শরৎ সদনে এই মেগা শিবির চলছে। পুরসভার প্রায় সাড়ে তিন হাজার অস্থায়ী কর্মী অংশ নিচ্ছেন। শনিবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার ২০০ কর্মীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আজ, রবিবার বাকিদের হবে। এইসব কর্মীদের একাংশ সাফাইয়ের কাজ করেন। একাংশ নিকাশি পরিষ্কার করেন। এক অংশ শহরের সবুজ রক্ষার কাজ করেন। অনেকে স্বাস্থ্য বিভাগে কাজ করেন। শনিবার সকাল ন’টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত চেক আপ হয়েছে। একটি নামী বেসরকারি হাসপাতালের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার কাজ করছেন। জানা গিয়েছে, ব্লাড প্রেসার, সুগার পরিমাপ করা হয়েছে। পাশাপাশি ফুসফুস পরীক্ষা, ইসিজি, চক্ষু পরীক্ষা ইত্যাদি পরীক্ষানিরীক্ষা হয়েছে। নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়ে খুশি পুরসভার অস্থায়ী কর্মীরা। সাফাই কর্মী রিঙ্কু পাসওয়ান, সোনাল পাসওয়ান, রাজু পাতিরা বলেন, ‘ছোটখাট শারীরিক সমস্যা হলে দোকান থেকে ওষুধ কিনে খাই। এসব চেক আপ করানোর মতো টাকা কোথায়? পুরসভা আমাদের খেয়াল রেখেছে। ভালো লেগেছে।’ হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘প্রথমবার আমাদের অস্থায়ী কর্মীদের জন্য এই আয়োজন করা হয়েছে। ওঁরা শহরের স্বাস্থ্যের খেয়াল রাখেন। ওঁদের খেয়াল রাখাও কর্তব্য।’ -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ