সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: অনুশীলন তখন প্রায় শেষের দিকে। কিন্তু গ্যালারিতে থাকা সমর্থকদের চোখ সরছে না মূল পিচের পাশের নেট থেকে। ভালোভাবে লক্ষ্য করতেই কারণটা স্পষ্ট হল। নেটে যে ব্যাট হাতে ঝড় তুলছেন অভিষেক শর্মা! আর পিছনে দাঁড়িয়ে তা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ওপেনিং পার্টনার ট্রাভিস হেড। নাইট অনুরাগীদের অস্ফুট উদ্বেগ, এই দু’জন টিকে গেলে কেকেআরের কপালে দুঃখ রয়েছে। তাঁদের আশঙ্কা উড়িয়ে দেওয়ার নয়। হায়দরাবাদের ভয়ঙ্কর এই জুটি বিশ্বের যে কোনও বোলিং লাইন আপকে তছনছ করতে সক্ষম।
বৃহস্পতিবারের ম্যাচ আবার হেড-অভিষেকের কাছে বদলারও। গতবার ফাইনালে এই কেকেআরের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল হায়দরাবাদের। সেই মেগা ম্যাচে সুপার ফ্লপ হেড (০) ও অভিষেক (২)। বৃহস্পতিবার কেকেআরের ডেরায় শাহরুখ খানের দলকে হারিয়ে আক্ষেপ মেটাতে চান তাঁরা। এদিন অনুশীলনে সেই তাগিদও চোখে পড়ল। তারপর আবার অভিষেকের পছন্দের মাঠ ইডেন। গত জানুয়ারিতেই দেশের জার্সিতে ৩৪ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস উপহার দিয়েছিলেন এখানে। চলতি আইপিএলে অবশ্য এখনও বড় রান পাননি। ইডেনেই চেনা ছন্দে ফিরতে প্রত্যয়ী পাঞ্জাবের তরুণ বাঁহাতি ব্যাটার। এদিন অনুশীলনের পর গ্যালারিতে অনুরাগীদের নিজস্বীর আব্দার মেটালেন তিনি। দেখে বোঝা গেল ফুরফুরে মেজাজেই রয়েছেন অভিষেক। তবে অনুশীলনে ব্যাটিংয়ের সময় নেট বোলারের ইয়র্কারে পায়ে গুরুতর চোট পান অনিকেত ভার্মা। তাই তাঁকে নিয়ে উদ্বেগে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে দল হারলেও ৪১ বলে ৭৪ রানের চোখ জুড়ানো ইনিংস উপহার দিয়েছিলেন উত্তর প্রদেশের এই তরুণ।
অভিষেক, হেডদের ব্যাটিং উপভোগ করলেও ইডেনের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিলেন ঘরের ছেলে মহম্মদ সামির জন্য। কিন্তু তারকা পেসার এদিন অপশনাল প্র্যাকটিসে আসেননি। ঈশান কিষানও গরহাজির। যদিও মঙ্গলবার সামি পুরোদমে অনুশীলন করেছিলেন। এদিকে, বৃহস্পতিবার ইডেনের উইকেটে স্পিনারদের জন্য সাহায্য থাকবে। তাই বুধবার মুরলীধরন ও ভেত্তোরির তত্তাবধানে বিশেষ মহড়া সারতে দেখা গেল হেড, অভিষেকদের।