মুম্বই, ১১ জানুয়ারি: হৃদরোগে আক্রান্ত বিশিষ্ট বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের এই জনপ্রিয় কৌতুক অভিনেতা। পরিবার সূত্রে খবর, ওইদিন একটি সিনেমা দেখার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন অভিনেতা। বমি করতে শুরু করেন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক। এর বেশি এখনও পর্যন্ত কিছুই জানায়নি হাসপাতাল। তবে এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। অভিনেতার বয়স বর্তমানে ৭০ বছর।
Advertisement
প্রসঙ্গত, গুজরাতি থিয়েটার থেকেই অভিনয় শুরু করেন টিকু তালসানিয়া। এরপর বলিউডে পা। কমেডি চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নেন তিনি। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বি-টাউনে যাত্রা শুরু করেন। এরপর ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘বোল রাধা বোল’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘কুলি নম্বর ১’, ‘জোড়ি নাম্বার ১’, ‘হাঙ্গামা’, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-এ কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শনকদের মন জিতে নিয়েছিলেন অভিনেতা। গতবছর টিকু ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা’-তে রাজকুমার রাও এবং তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করেছিলেন। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অভিনয় করেছেন টিকু। যার মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’।



