একের পর এক হুমকি। আতঙ্ক, উদ্বেগ। এই আবহেও কাজের সঙ্গে আপোস করতে নারাজ সলমন খান। রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম এগেন’ ছবিতে চুলবুল পান্ডে রূপে দেখা গিয়েছে তাঁকে। হুমকি আবহেই শ্যুট করেছেন তিনি। স্বমহিমায় তাঁকে পর্দায় দেখে আপ্লুত অনুরাগীরা। এই আবহে তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর শ্যুটিংও বন্ধ রাখতে নারাজ ভাইজান। এ জন্য তিনি পৌঁছে গিয়েছেন হায়দরাবাদে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হায়দরাবাদের ফলকনুমা প্রাসাদে হচ্ছে শ্যুটিং। সেখানেই তৈরি হয়েছে বিশাল সেট। এ আর মুরুগাদোসের পরিচালনায় এখানেই বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং সারবেন সলমন। একদিন আগেই হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন ইউনিটের সদস্যরা। প্রাসাদের আলো, প্রস্তুতির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি শ্যুটিং সেটে ভাইজানের ঝলকও প্রকাশ্যে এসেছে।



