Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়কের আশ্বাসে ফের ফুটপাতে বসলেন হকাররা

বিধায়কের আশ্বাসে ফের শহরের বিভিন্ন রাস্তার ফুটপাতে জাঁকিয়ে বসলেন হকাররা। সম্প্রতি প্রশাসনের তরফে ইংলিশবাজার শহরের বিভিন্ন রাস্তার ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়।

বিধায়কের আশ্বাসে ফের ফুটপাতে বসলেন হকাররা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: বিধায়কের আশ্বাসে ফের শহরের বিভিন্ন রাস্তার ফুটপাতে জাঁকিয়ে বসলেন হকাররা। সম্প্রতি প্রশাসনের তরফে ইংলিশবাজার শহরের বিভিন্ন রাস্তার ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ির দ্বারস্থ হন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার বিধায়ক জানিয়ে দেন, পুজোর মরশুমে হকারদের রুটি-রুজির কথা ভেবে তাঁদের ফুটপাতে ব্যবসা করার ছাড়পত্র দেওয়া হল। কালীপুজোর পর প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁদের পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিধায়কের এই বার্তার পরই ইংলিশবাজার শহরের ফোয়ারা মোড় সহ বিভিন্ন রাস্তার ফুটপাতে ফিরে আসে চেনা ছবি। দেখা যায়, হকাররা পসরা সাজিয়ে আগের মতোই জাঁকিয়ে বসতে শুরু করেছেন ফুটপাতে। ফলে পথচারীদের ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে। 

Advertisement

যদিও সন্ধ্যায় টেলিফোনে ইংলিশবাজারের বিধায়ক বলেন, রোড সেফটি এবং ফুটপাত দিয়ে যাতে মানুষজন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য হকারদের ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন পুজোর মরশুম। হকারদেরও সংসার আছে। ফুটপাত থেকে পুরোপুরি উঠিয়ে দিলে রোজগারের পথ হারাবেন তাঁরা। সেজন্য হকারদের বলা হয়েছে, যতটা সম্ভব কম জায়গার মধ্যে তাঁদের ব্যবসা করতে হবে। এমনভাবে তাঁরা পসরা সাজাবেন, যাতে ফুটপাত দিয়ে মানুষজন হাঁটাচলা করতে পারে। কালীপুজোর পর হকারদের পুনর্বাসনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ