নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুস্তাফিজুর রহমানের বিকল্প ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। জিম্বাবোয়ের ব্লেসিং মুজরাবানি কেকেআরের জার্সি গায়ে চাপাবেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আরও এক ধাক্কা খেল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা পেসার হর্ষিত রানা। যদিও কেকেআরের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ওয়ার্ম-আপ ম্যাচে হাঁটুতে চোট লাগায় টি-২০ বিশ্বকাপে খেলেননি হর্ষিত। তবে কেকেআর ম্যানেজমেন্ট আশাবাদী ছিল, আইপিএলের আগে ফিট হয়ে উঠবেন তিনি। কিন্তু চিকিত্সকরা জানিয়েছেন, সেই সম্ভাবনা নেই। হর্ষিতকে না পাওয়াটা নাইটদের জন্য বড় ধাক্কা। ২০২৪ সালে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তাঁর। নাইটদের আর এক পেসার মাথিশা পাথিরানাও চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যান। তিনি কবে ফিট হবেন, সেটাও স্পষ্ট নয়। তাই পেস বিভাগ নিয়ে রীতিমতো চিন্তায় কোচ অভিষেক নায়ার।
এদিনই বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের পরিবর্ত হিসেবে মুজরাবানির নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছেন তিনি। মোট ১৩টি উইকেট নেন এই পেসার। তাত্পর্যের বিষয়, পিএসএলে লাহোর কালান্দর্সের হয়ে এবছর খেলার কথা ছিল তাঁর। সেই চুক্তি ভেঙে আইপিএলে যোগ দেন তিনি।
এদিকে, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মনে করছেন, চেন্নাই সুপার কিংসের হয়ে এবার আইপিএল খেলেই ব্যাট-প্যাড তুলে রাখবেন ধোনি। ইরফানের মন্তব্য, ‘ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংস অসম্পূর্ণ। ওকে ছাড়া সিএসকে-র কথা ভাবাই মুশকিল। তবে এবারই হয়তো হলুদ জার্সিতে ক্রিকেটার মাহির শেষ বছর। কাপ জিতে স্মরণীয় রাখতে চাইবে ও। জানি না, কটা ম্যাচ খেলবে। ম্যানেজমেন্ট নিশ্চয় মাহির ফিটনেস, ব্যাটিং পজিশন নিয়ে পরিকল্পনা করবে। তবে ওর উপস্থিতিই টিমের কাছে বড় ব্যাপার। ঋতুরাজ গায়কোয়াড় সহ বাকি তরুণ তুর্কিদের তৈরি করে দিয়ে যাবে ধোনি।’