ভারত-৮ : দক্ষিণ কোরিয়া-২
ভারত-৮ : দক্ষিণ কোরিয়া-২
নাগোয়া: পুরুষ হোক বা মহিলা দল, এশিয়ান গেমস হকিতে অপ্রতিরোধ্য ভারত। ৩ ম্যাচে ৫৬ গোল করে সাড়া ফেলে দিয়েছেন দীপিকারা। ২৪ ঘণ্টার মধ্যেই এবার হরমনপ্রীতদের পালা। দক্ষিণ কোরিয়াকে ৮-২ ব্যবধানে বশ মানিয়ে টানা তৃতীয় জয় ছিনিয়ে নিল ক্রেগ ফুলটনের দল। বৃহস্পতিবার দিলপ্রীত ও অভিষেক দুটি করে গোল করেন। এছাড়া স্কোরশিটে নাম উঠেছে হরমনপ্রীত সিং, শিলানন্দ লাকড়া, সুখজিৎ সিং ও রাজিন্দার সিংয়ের। পুল ‘এ’ তে শনিবার পরের ম্যাচে জাপানের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা। অবশ্য, এদিনের পর দু’ম্যাচ বাকি থাকতেই শেষ চারে পৌঁছে গেল ভারত।
ক্রেগ ফুলটনের আমলে বেশ কিছু টেকনিক্যাল পরির্তন এসেছে। পেনাল্টি কর্নার নেওয়ার ক্ষেত্রে বৈচিত্র অনেক বেশি। পাশাপাশি স্কুপ শটের ব্যবহার বাড়িয়েছেন ফুলটন। এদিন লং বলে বারবার কোরিয়ানদের বিভ্রান্ত করল ভারত। ম্যাচের চতুর্থ মিনিটে শিলানন্দ লাকড়া জাল কাঁপান (১-০)। ছ’মিনিট পরেই দুরন্ত হিটে সুখজিতের গোল (২-০)। ১১ মিনিটে হরমনপ্রীতের পেনাল্টি কর্নার আছড়ে পড়ে জালে (৩-০)। ১৫ মিনিটে ফের গোল। এক্ষেত্রে সেই স্কুপ শট রিসিভ করে চমৎকার বল বাড়িয়েছিলেন শিলানন্দ। লক্ষ্যভেদে ভুল হয়নি অভিষেকের (৪-০)। সবমিলিয়ে প্রথম কোয়ার্টারেই ৪ গোলে এগিয়ে যায় ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে , ম্যাচের ২৬ মিনিটে পঞ্চম গোল দিলপ্রীতের (৫-০)। এরপর ৩২ ও ৩৮ মিনিটে ব্যবধান বাড়ান যথাক্রমে দিলপ্রীত (৬-০) ও অভিষেক (৭-০)। দুরন্ত টিম ওয়ার্কের ফসল তুলল ভারত। এরপর খেলার গতির বিরুদ্ধে দু’গোল শোধ করে কোরিয়া। তবে লাভের লাভ কিছু হয়নি। চতুর্থ কোয়ার্টারের শেষ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন রাজিন্দার সিং (৮-২)।