বরোদা: জিম্বাবোয়ের বিরুদ্ধে অতীতে কখনও ওডিআই সিরিজ খেলেনি ভারতের প্রমীলা ব্রিগেড। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটিতে আগেই জিতেছিল হোমটিম। রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে হরমনপ্রীত কাউর ও দীপ্তি শর্মার শতরানের সুবাদে জয় এল ১২১ রানে। ৩২৯ রানের টার্গেট তাড়া করে জিম্বাবোয়ের সংগ্রহ মাত্র ২০৭। এদিন সিরিজও পকেটে পুরল স্মৃতি মান্ধানা ব্রিগেড (২-০)। উল্লেখ্য, পূর্ণমেয়াদের ক্যাপ্টেন হিসাবে এটাই স্মৃতির প্রথম ওডিআই সিরিজ জয়।
কোটাম্বি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ভারত অবশ্য শুরুতেই ধাক্কা খায়। ক্যাপ্টেন স্মৃতি (০) ও শেফালি ভার্মা (৮) ফিরে যান তৃতীয় ওভারের মধ্যেই। ২৯ রানে দুই উইকেট খুইয়ে ধুঁকতে থাকা ইনিংসে ভরসা জোগান হরমনপ্রীত ও প্রতীকা রাওয়াল। তৃতীয় উইকেটে দু’জনে যোগ করেন ১২৪ রান। ৬৭ বলে ৬১ করে ফেরেন সিরিজের প্রথম ম্যাচে শতরানকারী প্রতীকা। তেজল হাসাবনিস (৩) ফেরার পর দীপ্তির সঙ্গে জুটি বাঁধেন হরমনপ্রীত। দু’জনে পঞ্চম উইকেটে যোগ করেন ১৫৩।
হরমনপ্রীতের ওডিআই কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি আসে ১০১ বলে। নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর এটা তাঁর প্রথম শতরান। ১২১ বলে হরমনপ্রীতের ১২৬ রানে ছিল ১৫টি বাউন্ডারি। দীপ্তির দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি আসে ৮৩ বলে। ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। ৮৬ বলের ইনিংসে দীপ্তিও মারেন ১৫টি চার।
জিম্বাবোয়ের হয়ে লড়াই চালান মদেস্টার মুপাচিকওয়া (৪৯), চিপো মুগেরি-তিরিপানো (৪৬)। তবে তা যথেষ্ট ছিল না। ভারতের হয়ে বোলিংয়ে সফল বৈষ্ণবী শর্মা (৪-৩৯), দীপ্তি (৩-৩২)।



