নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতা বাড়ছে। সেই কারণে বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াই দল পাঠাতে হয়েছিল শ্রীলঙ্কায়। অনেকে আবার রিহ্যাবের পর মাঠে ফিরেই ফের চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তাতে বিড়ম্বনা বেড়েছে বিসিসিআইয়ের। তাই রিহ্যাবের পর ক্রিকেটারদের সরাসরি দলে না ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রত্যেককে দিতে হবে ফিটনেস টেস্ট। সেই তালিকা এখন বেশ দীর্ঘ। হার্দিক পান্ডিয়াও চোটের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। পরের বছর রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজও খেলবে ভারত। তাই হার্দিকের ফেরাটা জরুরি। তিনি এখন অনেকটাই সুস্থ। কিন্তু ম্যাচ কন্ডিশনে আছেন কিনা সেটা পরখ করে নিতেই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ‘এ’ দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডনের দেশে হার্দিক ওয়ান ডে সিরিজে খেলবেন। সেটাই হবে তাঁর ফিটনেস টেস্ট। এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে হর্ষিত রানার খেলার সম্ভাবনা কম। তিনি এখনও ফিট হতে পারেননি।



