নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সাম্প্রতিক অতীতে তৃণমূলের বিরুদ্ধে কখনও বিজেপি, কখনও সিপিএম বা কখনও কংগ্রেস তোলাবাজি, সিন্ডিকেট রাজের অভিযোগ তুলে সরব হয়েছে। রাজ্যে পালাবদলের পর শাসন ক্ষমতায় আসীন হওয়া বিজেপির রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কোথাও কোনও সিন্ডিকেট রাজ, দালালরাজ, তোলাবাজি বরদাস্ত করা হবে না। তারা চান ভয় মুক্ত পরিবেশ।
বীজপুর বিধানসভার অধীনে থাকা হালিশহর থানার পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে পোস্টার দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ। সেই পোস্টারে আদেশানুসারে হালিশহর থানার ইন্সপেক্টর ইনচার্জের কথা উল্লেখ করে লেখা রয়েছে, হালিশহরের মাটিতে সিন্ডিকেট রাজের কোনও স্থান নেই এবং তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ওই পোস্টারে জানানো হয়েছে, তোলাবাজির বিরুদ্ধে হালিশহর থানা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করছে। এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। শুধু তাই নয়, হালিশহরকে সর্বপ্রকার তোলাবাজি থেকে মুক্ত করার জন্য বাসিন্দাদের সহযোগিতা করার আবেদন করা হয়েছে। পাশাপাশি তোলাবাজি সংক্রান্ত যে কোনো তথ্য নির্ভয়ে হালিশহর থানা কর্তৃপক্ষের কাছে জানানোর আবেদন করা হয়েছে। সেক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও ওই পোস্টারে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হালিশহরের সাধারণ নাগরিকরা। উল্লেখ্য, নির্বাচন পূর্ববর্তী কালে হালিশহর, কাঁচরাপাড়া অঞ্চলে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, জুলুমবাজির বিরুদ্ধে সরব হয়েছিলেন বীজপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস।
ভয় মুক্ত বীজপুর গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাধারণত রাজনৈতিক দলের পক্ষ থেকে তোলাবাজি এবং সিন্ডিকেট রাজের অভিযোগ করা হয়। হালিশহর থানার পক্ষ থেকে সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির বিরুদ্ধে এমন পোস্টার পড়ায় রীতিমতো চাঞ্চল্য পড়েছে। হালিশহরবাসী বলছেন, এর মাধ্যমে পুলিশ স্বীকার করে নিল যে, এতদিন ধরে সিন্ডিকেট রাজ বা তোলাবাজি চলছিল। তা বন্ধ করতে এই অভিনব উদ্যোগ। পাশাপাশি হালিশহর বাসীর সহযোগিতাও প্রার্থনা করা হল। হালিশহর থানার পক্ষ থেকে এই পোস্টার যা দেখে অবাক হয়েছেন হালিশহরবাসী। রাজ্য এ ধরনের থানার উদ্যোগ একেবারে অভিনব বলেই মনে করছেন অনেকে।