নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহর পুরসভায় রীতিমতো অচলাবস্থা চলছে। কর্মচারীরা বেতন পাচ্ছেন না। পেনশন মিলছে না অবসরপ্রাপ্ত কর্মচারীদের। স্বভাবতই তাঁরা অসন্তুষ্ট। পুরসভার স্বাভাবিক কাজকর্ম শিকেয় উঠেছে। কর্মীরা এনিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন। হালিশহর পুরসভায় তৃণমূল বোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসক বসানো হয়েছে। কিন্তু তিনি বদলি হয়ে যাওয়ায় এই মুহূর্তে ওই পদে কেউ নেই। এখন নিরুপায় হয়ে বারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল হালিশহর পুরসভায় গিয়ে বৈঠক করেছেন। তিনি সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে সমস্যা বোঝার চেষ্টা করেন। খুব শীঘ্রই যাতে কর্মীদের বেতন দেওয়া যায়, সে ব্যাপারে তিনি আলোকপাত করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বেতনের সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। যিনি প্রশাসক ছিলেন, তিনি বদলি হয়ে গিয়েছেন। খুব শীঘ্রই নতুন প্রশাসক নিয়োগ করা হবে। কয়েকটি পুরসভায় কিছু সমস্যা রয়েছে। তা মেটানোর চেষ্টা চলছে।



