Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাকরিহারা শিক্ষকদের ফেরানোর দাবিতে উত্তাল হলদিবাড়ি-জটেশ্বর

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সুপ্রিম রায়ের পর দিকেদিকে যেন হাহাকার। স্কুলে স্কুলে ক্ষোভ। ক্ষুব্ধ পড়ুয়ারাও।

চাকরিহারা শিক্ষকদের ফেরানোর দাবিতে উত্তাল হলদিবাড়ি-জটেশ্বর
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিবাড়ি ও আলিপুরদুয়ার: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সুপ্রিম রায়ের পর দিকেদিকে যেন হাহাকার। স্কুলে স্কুলে ক্ষোভ। ক্ষুব্ধ পড়ুয়ারাও। কারণ সেই রায়ে ‘পথ প্রদর্শক’ শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারাতে হয়েছে। আর কি তাঁরা ক্লাস নেবেন না! ভালোবেসে, স্নেহে, পড়ার সুযোগ মিলবে না তাঁদের কাছে! সেই শিক্ষক শিক্ষিকাদের স্কুলের চাকরিতে বহাল রাখার দাবিতে এবার পথে নামল পড়ুয়ারা। বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে হলদিবাড়ি থেকে জটেশ্বরে। কোথাও প্ল্যকার্ড নিয়ে রাস্তা অবরোধ করল পড়ুয়ারা, কোথাও পরীক্ষাই বাতিল করতে হল স্কুল কর্তৃপক্ষকে। 

Advertisement

সুপ্রিম কোর্টের রায়ে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের আট শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। তাঁদের স্কুলে বহাল রাখার দাবিতে সোমবার বিকেলে স্কুলের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। দ্বাদশ শ্রেণির ছাত্রী অহনা দে দাস বলে, আমাদের প্রিয় শিক্ষিকারা শুধু পড়াননি, তাঁরা আমাদের পথ প্রদর্শক। তাঁরা না থাকলে বিজ্ঞান বিভাগ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বাংলার কোনও শিক্ষিকাই নেই। আমরা চাই  তাঁদের দ্রুত স্কুলে ফেরানো হোক। দ্বাদশ শ্রেণির আরএক ছাত্রী তাজমিন সরকার বলেন, আমাদের স্কুলের যোগ্য শিক্ষিকাদের পুনরায় স্কুলের ফেরানো হোক। না হলে বৃহত্তর আন্দোলন হবে। 
এ বিষয়ে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের টিআইসি ঈশিতা দেব সিংহ বলেন, সুপ্রির কোর্টের রায়ে চাকরি বাতিলের তালিকায় আমাদের স্কুলের আট শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে ছ’জন বিজ্ঞান বিভাগের, দু’জন বাংলার। ছাত্রীরা চায়, তাড়াতাড়ি শিক্ষিকারা ফিরে এসে ক্লাস নিক। 
একইরকম আন্দোলন দেখা যায় ফালাকাটার জটেশ্বরেও। সুপ্রিম রায়ে জটেশ্বর প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এর প্রতিবাদে তাদের সহকর্মীরা এদিন পেনডাউন কর্মসূচি করেন। আরও একধাপ এগিয়ে পড়ুয়ারা মিছিল করে পথ অবরোধ করে। আন্দোলনে অস্বস্তিতে পড়তে হয় স্কুল কর্তৃপক্ষকে। বাধ্য হয়ে অঙ্ক পরীক্ষা বাতিল করে স্কুল কর্তৃপক্ষ। 
প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন। দু’জনের চাকরি বাতিল হওয়ায় ন’জনকে দিয়ে চালাতে হবে স্কুল। চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনার দাবিতে সহকারী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা স্কুলে পেনডাউন কর্মসূচি করেন। পড়ুয়ারা স্কুলের সামনে জটেশ্বর-ধূপগুড়ি রোড অবরোধ করে। ৩০ মিনিটের অবরোধে রাস্তায় যানজট হয়। পড়ুয়াদের হাতে থাকা প্ল্যাকার্ডে চাকরিহারা দুই শিক্ষককে ফের স্কুলে ফিরিয়ে আনার আর্জি লেখা ছিল। দশম শ্রেণির ছাত্রী অনন্যা বর্মন বলে, চাকরি হারানো আমাদের দুই শিক্ষককে স্কুলে ফিরিয়ে আনতেই হবে। তাঁরা না থাকলে স্কুলে সুষ্ঠুভাবে পঠনপাঠনে সমস্যা হবে। তাঁদের ফিরিয়ে আনা না হলে আমরা ফের রাস্তায় নামব। 
স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ সান্যাল বলেন, এদিন স্কুলে আসার পর সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা জানান, তাঁরা পেনডাউন কর্মসূচি করতে চান। আমি তাঁদের বাধা দিইনি। তবে বাধ্য হয়ে স্কুলের অঙ্ক পরীক্ষা বাতিল করে দিতে হয়েছে। পড়ুয়াদেরও বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশহানুল করিম বলেন, আদালতের নির্দেশ শিরোধার্য। প্রশাসক হিসেবে আমি এখানে কিছু বলতে পারি না। আমরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকতে পারি মাত্র।  প্রমোদনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ