কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হ্যাকিং!  ব্যাংকগুলিকে সতর্ক করল আরবিআই
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফোন থেকে এক ক্লিকেই মিলবে লোন। এক ক্লিকে করা যাবে টাকা ট্রান্সফার। এসব সুবিধা যে প্রযুক্তির হাত ধরে দেওয়া হয়, তার পিছনের দরজা দিয়েই এখন ঢুকছে হ্যাকার। সেই দরজার নাম ‘অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস’ বা এপিআই। প্রযুক্তির এই ফাঁক বন্ধ করতেই এবার সব ব্যাংককে কড়া নজরদারিতে আনল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

Advertisement

গত কয়েক সপ্তাহে একাধিক ঘটনা আরবিআইয়ের ঘুম কেড়েছে। ২১ অক্টোবর স্টেট ব্যাংক অব ইন্ডিয়া জানায়, তাদের ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। কীভাবে লিক হল, তদন্ত চলছে। এর আগে ৮ ও ৯ অক্টোবর মুম্বইয়ে ব্যাংক নয়, এমন দুটি আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসির অ্যাকাউন্ট থেকে ৭০০টির বেশি ভুয়ো লেনদেনে ১৭ কোটি টাকার বেশি উধাও হয়ে যায়। পুলিশ জানায়, ব্যাংক ও এনবিএফসির মধ্যে লোনের টাকা ছাড়ার নির্দেশ পাঠানোর যে এপিআই লিঙ্ক আছে, সেটার ফাঁক গলেই চুরি করতে ঢুকে পড়েছিল হ্যাকাররা। এরপর একটি স্মল ফিনান্স ব্যাংক নিজেই জানিয়েছে, তাদের গাড়ির ঋণগ্রহীতাদের একাংশের তথ্য ফাঁস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই তিনটি ঘটনার পরই আরবিআই একের পর এক বৈঠকে বিষয়টির সুরাহা করতে চেয়েছে। সূত্রের খবর, আরবিআই ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে, এপিআই কোথায় দুর্বল, তা এখনই খুঁজে বার করতে হবে। তারা যেসব ফিনটেক, এনবিএফসি, পেমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত, তাদের নিরাপত্তা কতটা, খতিয়ে দেখতে হবে তাও। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিরাপত্তায় শুধু ‘নিয়ম মানছি’ বলে স্বীকারোক্তি দিলেই হবে না। তার প্রমাণও দিতে হবে। ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট ইন চলতি মাসের গোড়ায় সতর্ক করেছিল, হ্যাকাররা চুরি করা এপিআই পাশওয়ার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা সরাচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে হামলা হচ্ছে। ১৫ অক্টোবর তারা আবার জানায়, স্বয়ংক্রিয় এআই চালিত আক্রমণ বাড়ছে, যেখানে মানুষের সহযেগিতা ছাড়াই ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা বা ফাঁকফোকর খুঁজে বার করা সম্ভব। এরপর ১৯ অক্টোবর আরবিআই নিজেও নির্দেশিকা  জারি করে বলে, সব লেনদেনে দুই স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এপিআইতে ২৪ ঘণ্টা নজরদারি, অ্যাডমিন অ্যাক্সেস সীমিত করা এবং ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বাইরের সংস্থার নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক। সম্প্রতি আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা নিজেও স্বীকার করেছেন, এআই এখন ব্যাংকিং ব্যবস্থায় সবচেয়ে বড় হুমকি।